05/05/2026
আয়াতুল কুরসী (সূরা আল-বাকারাহ, আয়াত ২৫৫) পবিত্র কুরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও শ্রেষ্ঠ আয়াত। এটি আল্লাহর একত্ববাদ, ক্ষমতা এবং গুণাবলীর বর্ণনায় ভরপুর। হাদীসের আলোকে আয়াতুল কুরসীর অনেক ফজিলত বর্ণিত হয়েছে।
নিচে হাদিসের দলিলসহ আয়াতুল কুরসীর ফজিলত আলোচনা করা হলো:
১. জান্নাতে প্রবেশের পথ সুগম হয়।
প্রতি ফরজ সালাতের পর আয়াতুল কুরসী পাঠ করলে জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকে না।
দলিল: হযরত আবু উমামা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, "যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসী পাঠ করে, তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া অন্য কোনো বাধা থাকে না।"
সূত্র: [নাসায়ী (আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ), হাদিস নম্বর ১০০; শুআবুল ঈমান, হাদিস ২৩৯৫; সহীহ আল-জামে, হাদিস ৬৪৬৪ - হাদিসটি সহীহ]
২. শয়তান থেকে সর্বোচ্চ সুরক্ষা।
রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসী পাঠ করলে আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করেন, যিনি সকাল পর্যন্ত শয়তানের কুমন্ত্রণা বা অনিষ্ট থেকে হেফাজত করেন।
দলিল: হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত দীর্ঘ হাদীসে, শয়তান (মানুষের বেশে) আবু হুরায়রাকে (রা.) বলেছিল, "যখন তুমি ঘুমাতে যাবে, তখন আয়াতুল কুরসী (আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম...) পাঠ করবে। তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একজন পাহারাদার নিযুক্ত থাকবে এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না।"
সূত্র: [সহীহ বুখারী, হাদিস নম্বর ২৩১১, ৩২৭৫, ৫০১০; তিরমিযী, হাদিস নম্বর ২৮৮০; রিয়াদুস সলেহিন, হাদিস ১০২৭]
৩. কুরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত
আয়াতুল কুরসীকে কুরআনের আয়াতগুলোর মধ্যে সরদার বা শ্রেষ্ঠ আয়াত বলা হয়েছে।
দলিল: উবাই ইবন কাব (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) তাকে জিজ্ঞাসা করেছিলেন, "আল্লাহর কিতাবের কোন আয়াতটি সর্বশ্রেষ্ঠ?" তিনি বলেছিলেন, "আল্লাহ ও তাঁর রাসূলই ভালো জানেন।" নবী (সা.) আবার জিজ্ঞাসা করলেন, তখন তিনি বললেন, "আয়াতুল কুরসী।" নবী (সা.) বললেন, "হে আবু মুন্দির! তোমার জ্ঞানের জন্য তুমি ধন্য হও।"
সূত্র: [সহীহ মুসলিম,
৪. ঘরে শান্তি ও শয়তানের প্রস্থান।
যে ঘরে এই আয়াত পাঠ করা হয়, সেখান থেকে শয়তান পালিয়ে যায়। [তাফসীর মা’আরেফুল কুরআন, খণ্ড-১, পৃ. ৬৭৬]
সংক্ষেপে আমলসমূহ:
প্রতি ফরজ নামাযের পর: জান্নাত লাভের সহজ উপায়।
ঘুমানোর আগে: শয়তানের থেকে নিরাপত্তা।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে আয়াতুল কুরসির আমল করার তৌফিক দান করুন।