23/04/2026
ফিউচার লিডার এডুকেশন সাপোর্ট ফাউন্ডেশনের আয়োজনে বৃত্তি প্রদান ও সনদ বিতরন অনুষ্ঠান কুমিল্লা জিমনেশিয়ামে অনুষ্ঠিত হয়|
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন, বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও মানবিক সংগঠন বিবেকের প্রতিষ্ঠাতা ইউসুফ মোল্লা টিপু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, আজকের এই মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান শুধুমাত্র একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান নয়; এটি আমাদের জাতির ভবিষ্যৎ নির্মাতাদের সম্মাননা জানানোর এক অনন্য মুহূর্ত। দেশ ও জাতির কল্যাণে তোমাদের জ্ঞান ও দক্ষতা কাজে লাগাতে হবে। মনে রেখো, তোমাদের হাতেই গড়ে উঠবে আগামী দিনের উন্নত বাংলাদেশ|
ফিউচার লিডার এডুকেশন সাপোর্ট ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও ময়নামতি মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা: তৃপ্তীশ চন্দ্র ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা বেসরকারি স্কুল ও মাদ্রাসা ফোরামের প্রধান উপদেষ্টা নিজাম উদ্দিন কায়সার, কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, কুমিল্লা জেলা দলিল খেক সমিতির সভাপতি হাজী মনজু, আসলাম খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোসা: ফেরদৌসী আক্তার, লেকচার পাবলিকেশন্স এর ডিজিএম সেলস এন্ড মার্কেটিং আহমেদ কামরুল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফিউচার লিডার এডুকেশন সাপোর্ট ফাউন্ডেশন প্রধান নির্বাহী ইকরামুল হাসান ইথার|
ইউসুফ মোল্লা টিপু বলেন, মেধা শুধুমাত্র পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ নয়| প্রকৃত মেধা হলো সৃজনশীলতা, মানবিকতা এবং সমাজের প্রতি দায়বদ্ধতার সমন্বয়। আমরা চাই, তোমরা শুধু ভালো ফলাফল অর্জন করবে না, বরং একজন সৎ,নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে|
নিজাম উদ্দিন কায়সার বলেন,তোমাদের এই সাফল্য কোনো হঠাৎ প্রাপ্তি নয়| এর পেছনে রয়েছে দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, রাত জেগে পড়াশোনা, বারবার ব্যর্থতার মুখোমুখি হয়ে আবার উঠে দাঁড়ানোর সাহস| আজ তোমরা যে সম্মান অর্জন করেছ, তা তোমাদের আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করবে।
অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, উৎসাহ, ত্যাগ ও সঠিক দিকনির্দেশনা ছাড়া এই সাফল্য সম্ভব হতো না| একইভাবে, শিক্ষক-শিক্ষিকাদের অবদানও অনস্বীকার্য। তারা শুধু পাঠ্যপুস্তক নয়, জীবনের মূল্যবোধও শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেন|
এই আয়োজন সম্পর্কে জানতে চাইলে ফিউচার লিডার এডুকেশন সাপোর্ট ফাউন্ডেশন প্রধান নির্বাহী ইকরামূল হাসান ইথার জানান ২০১৬ সালে 'ফিউচার লিডার এডুকেশন সাপোর্ট ফাউন্ডেশন-এর যাত্রা শুরু হয়েছিল-একটি স্বপ্ন নিয়ে, একটি আলোকিত প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে| গত ১ দশকের পথচলায় আমরা প্রায় ৩,০০০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করতে পেরেছি-যা আমাদের জন্য শুধু একটি পরিসংখ্যান নয়, বরং অসংখ্য সম্ভাবনার গল্প| বরাবরের মতো এবারও প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত ৩৫০ জনকে বৃত্তি প্রদান করা হয়েছে।