01/05/2026
ভিক্টোরিয়া কলেজে ভর্তি পরীক্ষার্থীদের পাশে ছাত্রকল্যাণ পরিষদের ‘স্টুডেন্ট হেল্প বুথ’
কুমিল্লা প্রতিনিধি:
২০২৫-২৬ শিক্ষাবর্ষে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ভর্তি হতে আসা শিক্ষার্থীদের সহায়তায় মানবিক উদ্যোগ নিয়েছে কুমিল্লাস্থ দাউদকান্দি-মেঘনা-তিতাস ছাত্রকল্যাণ পরিষদ। কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় ভিক্টোরিয়া কলেজস্থ বৃহত্তর দাউদকান্দি, মেঘনা ও তিতাস ছাত্রকল্যাণ পরিষদ বিগত বছরের ধারাবাহিকতায় এবারও ইন্টার ও অনার্স শাখায় পৃথকভাবে “স্টুডেন্ট হেল্প বুথ” স্থাপন করে সেবামূলক কার্যক্রম পরিচালনা করে।
ভর্তি পরীক্ষার দিন সকাল থেকেই সংগঠনের স্বেচ্ছাসেবীরা কলেজ প্রাঙ্গণে অবস্থান নিয়ে পরীক্ষার্থীদের সহযোগিতা করেন। এ সময় পরীক্ষার্থীদের মাঝে কলম, বিশুদ্ধ পানি, ওরস্যালাইন ও প্রয়োজনীয় জরুরি ওষুধ বিতরণ করা হয়। পাশাপাশি পরীক্ষার্থীদের নির্ধারিত ভবন, কক্ষ ও আসন খুঁজে পেতে দিকনির্দেশনা দেওয়া হয়। এতে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা বিশেষভাবে উপকৃত হন।
আয়োজকরা জানান, দূর-দূরান্ত থেকে আসা অনেক শিক্ষার্থী প্রথমবারের মতো ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসে আসে। ফলে ভবন, কক্ষ ও আসন খুঁজে পেতে তাদের অনেক সময় বিভ্রান্তিতে পড়তে হয়। এ বিষয়টি বিবেচনায় রেখে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিক্টোরিয়া কলেজ ইউনিটের সভাপতি পাপ্পু সাহা। উপস্থিত ছিলেন সেক্রেটারি ফয়েজ উল্লাহ, সহ-সভাপতি ফয়সাল, সাংগঠনিক সম্পাদক শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক সীমা আক্তার, দপ্তর সম্পাদক আব্দুর রউফ এবং শিক্ষা বিষয়ক সম্পাদক আতা উল্লাহ।
এছাড়াও সংগঠনের সদস্য সাকিব, চৈতি, সুপ্তি, তাসবি, সায়মা, অর্পিতাসহ আরও অনেকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট রাসেল রাফি এবং ভিক্টোরিয়া কলেজ ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক, ইউরোপ প্রবাসী হাফেজ জুবায়ের আমিন মিয়াজী।
স্বেচ্ছাসেবীরা জানান, পরীক্ষার্থীদের রুম ও ভবন খুঁজে দেওয়া, খাবার পানি ও ওরস্যালাইন সরবরাহ, জরুরি ওষুধ প্রদান, মোবাইল, ব্যাগ ও মানিব্যাগ নিরাপদে সংরক্ষণসহ প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার মাধ্যমে তারা দিনব্যাপী সেবা কার্যক্রম পরিচালনা করেন।
আয়োজকদের দাবি, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য যেমন সহায়ক ভূমিকা রেখেছে, তেমনি মানবিক ও সুশৃঙ্খল সমাজ গঠনে ছাত্রসমাজের দায়িত্ববোধকেও আরও সুদৃঢ় করেছে। ভবিষ্যতেও শিক্ষার্থীবান্ধব এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।