12/04/2026
আজ একটা অধ্যায়ের শেষ… আরেকটা নতুন যাত্রার শুরু। 💙
"ধ্রুব পাঠশালা"-র এসএসসি '২৬ ব্যাচ।
আজ তোমাদের শেষ অফিসিয়াল ক্লাস বা এক্সামের পর যখন এই ফ্রেমবন্দি উপহারটার দিকে যখন দেখছিলাম, সত্যি বলতে কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিলাম। স্টিকি নোটগুলোতে লেখা তোমাদের প্রতিটা শব্দ, প্রতিটা অনুভূতি আমার চোখ এড়ায়নি। তোমাদের দেওয়া এই উপহার ফ্রেমে আমার বলা কথাগুলো ("Chemistry তে চাইলে ৯৯+ ও পাওয়া যায়") যেভাবে তোমরা মনে রেখেছো, আর আমাকে "King of Chemistry", "Guide", বা "Friend" হিসেবে যে সম্মান দিয়েছো, তা যেকোনো শিক্ষকের জন্যই পরম পাওয়া। যদিও আমি অতটা নই, আমার চেয়েও অনেক বড় রথী-মহারথী সম্মানিত ও শ্রদ্ধেয় শিক্ষক মহোদয়গণ অত্র এলাকায় শিক্ষার্থীদের কাছে তুমুল জনপ্রিয় হয়ে আছেন। তাদের প্রতিও সম্মান, ভালোবাসা ও শ্রদ্ধা রেখো।
প্রিয় এসএসসি-২০২৬,
তোমাদের সাথে এই পথচলাটা শুধু পড়াশোনার ছিল না—এটা ছিল দায়িত্ববোধের সম্পর্ক।
মনে পড়ে যায় সেই শুরুর দিনগুলোর কথা। ক্লাসরুমের সেই হইচই, পড়ানোর ফাঁকে ফাঁকে তোমাদের দুষ্টুমি, কখনো কঠিন ক্লাস, কখনো হাসির ঝড়, হোমওয়ার্ক না করার কত শত অদ্ভুত অজুহাত, কখনো “স্যার আজ আর পড়তে ইচ্ছা করছে না” আবদার, আবার আমার হঠাৎ করে রেগে গিয়ে আবার পরক্ষণেই তোমাদের হাসিমুখ দেখে গলে যাওয়া—এই ছোট ছোট মুহূর্তগুলোই আজ মনে পড়ছে বারবার… 😊!
রসায়নের জটিল বিক্রিয়া, ফিজিক্স বা বায়োলজির কঠিন কনসেপ্টগুলো বোঝাতে গিয়ে কখনো হয়তো একটু বেশিই কড়া হয়েছি, অনেক বেশি বকেছি। কিন্তু বিশ্বাস করো, ক্লাসরুমের ওই হাসি-ঠাট্টা আর তোমাদের কৌতূহলী চোখের দিকে তাকিয়ে কাটানো মুহূর্তগুলো আমার শিক্ষকতা জীবনের অন্যতম অমূল্য সঞ্চয়।
এই দীর্ঘ যাত্রায় আমি সবসময় চেষ্টা করেছি তোমাদের শুধু বইয়ের পাতায় আটকে না রেখে, আসল কনসেপ্টটা ক্লিয়ার করতে। মুখস্থ বিদ্যার বাইরে গিয়ে যেন তোমরা চিন্তা করতে পারো, সেই চেষ্টাই করেছি। তারপরও, মানুষ হিসেবে আমি ভুলের ঊর্ধ্বে নই। আমার দিক থেকে হয়তো কখনো কখনো ঘাটতি ছিল, বেশকিছু সীমাবদ্ধতা ছিল, হয়তো সবার প্রত্যাশা সবসময় শতভাগ পূরণ করতে পারিনি। কখনো হয়তো রাগের মাথায় কাউকে বকা দিয়েছি। আমার কোনো কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকো বা আমার পড়ানোতে যদি কোনো ত্রুটি থেকে থাকে—তাহলে তোমাদের এই 'নভীল ভাইয়া'-কে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখো।
তোমাদের সামনে এখন বিশাল এক পৃথিবী। সামনে বোর্ড পরীক্ষা, এরপর কলেজ জীবন।
প্রিয় শিক্ষার্থীরা, একটা কথা মনে রেখো, জীবনে বড় হতে হলে শুধু মেধা না, দরকার—
✔ পরিশ্রম
✔ ধৈর্য
✔ আর নিজের স্বপ্নের প্রতি অটুট বিশ্বাস
SSC পরীক্ষা তোমাদের জীবনের শেষ গন্তব্য না, এটা শুধু একটা ধাপ। তাই ভয় না পেয়ে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাও। বিশ্বাস করো—তুমি নিজেকে যতটা ভাবো, তুমি তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। তুমি যতটা স্বপ্ন দেখো, তার চেয়েও বড় কিছু অর্জন করতে পারো।
তোমাদের জীবনের এই নতুন যাত্রার জন্য অ্যালবার্ট আইনস্টাইনের একটি কথা সবসময় মনে রেখো:
"শিক্ষার উদ্দেশ্য কেবল তথ্য মুখস্থ করা নয়, বরং মস্তিষ্ককে চিন্তা করতে শেখানো।" আমিও ঠিক এটাই চেয়েছি। তোমরা শুধু ভালো রেজাল্টের জন্য না পড়ে, জানার আনন্দে পড়ো। মুখস্থ না করে বুঝে পড়ো।
আর জীবনের লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে Sam Levenson এর সেই বিখ্যাত উক্তিটি যেন তোমাদের পাথেয় হয়: "Don’t watch the clock; do what it does. Keep going." তোমাদের জীবনেও এমন বড় স্বপ্ন থাকুক, যা তোমাদের প্রতিনিয়ত সামনে এগিয়ে যেতে বাধ্য করবে।
শেষে একটাই উপদেশ—
তোমরা যেখানেই যাও, যাই হও, মানুষটা যেন ভালো হও। কারণ ভালো মানুষ হওয়াটাই সবচেয়ে বড় সাফল্য।
একদিন তোমাদের সফলতার গল্প শুনবো—এই আশাতেই থাকলাম… 🌸
যাও, নিজের সর্বোচ্চটা দিয়ে প্রস্তুতি নাও এবং পৃথিবীর বুকে নিজেদের প্রমাণ করো। মনে রেখো, 'ধ্রুব পাঠশালা'-র দরজা তোমাদের জন্য সবসময় খোলা। শুধু একজন ভালো ছাত্র নয়, একজন নীতিবান ও ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলো—এটাই তোমাদের নভীল ভাইয়ার সবচেয়ে বড় চাওয়া।
অনেক অনেক দোয়া আর অফুরন্ত ভালোবাসা রইলো – আমার প্রিয় SSC 2026 ব্যাচ! 💙
Keep believing. Keep fighting. Keep rising. ✨