30/01/2026
اللَّهُمَّ صَلِّ وَسَلِّمُ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَ عَلَى آلِ سَيِّدِنَا مُحَمَّدٍ نُّورِ الْكَوْنَيْنِ وَالدَّارَيْنِ وَالثَّقَلَيْنِ وَالْحَسَنَيْنِ وَالسَّبْطَيْنِ
উচ্চারণ:
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিউঁ-ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন—নূরিল কাওনাইনি ওয়াদ্দারাইনি ওয়াত-ছাকালাইনি ওয়াল হাসানিয়াইনি ওয়াস সাবতাইনি।
মর্মার্থ:
ওগো আমার মাবুদ! তুমি রহমত আর সালাম বর্ষণ করো আমাদের প্রাণের মুনিব হযরত মুহাম্মাদ ﷺ-এর ওপর এবং তাঁর পবিত্র বংশধরদের ওপর—যিনি দুই জাহানের (ইহকাল ও পরকাল) চিরন্তন নূর, যিনি দুই জগতের (দুনিয়া ও আখেরাত) আলো, যিনি মানব ও জিন জাতির দিশারী, যিনি ইমাম হাসান ও ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু-এর মাতামহ এবং যিনি জান্নাতী যুবকদের দুই সরদারের প্রিয় নানা।
সংক্ষিপ্ত ব্যাখ্যা:
এই দরুদ শরীফের প্রতিটি শব্দ যেন একেকটি রূহানি ঝরনাধারা। এর গভীরতা ব্যাপক ও বিস্তৃত:
১. কুরআন ও হাদীসের আলোকে (নূরিল কাওনাইন): কুরআন মাজীদে আল্লাহ তাআলা নবীজি ﷺ-কে 'সিরাজাম মুনিরা' বা উজ্জ্বল প্রদীপ এবং 'নূর' হিসেবে উল্লেখ করেছেন (সূরা মায়িদা, আয়াত ১৫)।
হাদীসে এসেছে, আল্লাহ সর্বপ্রথম নবীজি ﷺ-এর নূর মোবারক সৃষ্টি করেছেন। তিনি শুধু এই দুনিয়ার নন, বরং আরশ থেকে শুরু করে জমিন—সবকিছুর মূল আলো; তাই তাঁকে 'নূরিল কাওনাইন' বা দুই জগতের নূর বলা হয়েছে।
২. হাদীসের আলোকে (হাসানিয়াইনি ওয়াস সাবতাইন):
এই দরুদে নবীজি ﷺ-এর সাথে সাথে তাঁর দুই আদরের নাতি—হযরত হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু আনহু-এর উসিলা দেওয়া হয়েছে। হাদীস শরীফে নবীজি ﷺ বলেছেন, "হাসান ও হোসাইন জান্নাতী যুবকদের সরদার" এবং "তারা দুজন দুনিয়াতে আমার সুগন্ধিযুক্ত দুটি ফুল" (তিরমিজি)। তাঁদের প্রতি মহব্বত রাখা ঈমানের অংশ, যা এই দরুদে ফুটে উঠেছে।
৩. তাসাউফ বা আধ্যাত্মিকতার আলোকে:
তাসাউফের দৃষ্টিতে দরুদ শরীফ হলো মদিনার সাথে আশিকের রূহানি টেলিফোন। যখন আমরা নবীজিকে 'নূর' এবং তাঁর পরিবারকে 'হাসানিয়াইন' বলে ডাকি, তখন আমাদের অন্তরে আহলে বায়তের (নবী-পরিবার) প্রতি ভালোবাসা বাড়ে। সুফিয়ায়ে কেরাম বলেন, যে দরুদে নবীজির পরিবারের কথা থাকে, তা আল্লাহর দরবারে দ্রুত কবুল হয়। এটি শুধু পাঠ করা নয়, বরং নবীজির পবিত্র রক্ত ও বংশের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো।
তথ্যসূত্র: মাজমুয়ায়ে সালাওয়াতে রাসূল ﷺ। লেখক: কুতুবে আলম, গাউসে দাওরা, খাজা আবদুর রহমান চৌহরভী (রহ.)।
আজকের কর্মসূচি:
আজ জুমাবার। বাদে আসর কিংবা আপনার যেকোনো সুযোগে—উক্ত দরুদ শরীফ ২৫ বার পাঠ করে তা নবীজি ﷺ-এর পবিত্র রূহ মোবারকে হাদিয়া পৌঁছে দিন।