02/09/2025
আজ গাউছিয়া নুরীয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয় এক মহতী সংবর্ধনা অনুষ্ঠান।
অসংখ্য দ্বীনি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, যৌতুক ও মাদকবিরোধী আন্দোলনের রূপকার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, পীরে তরিকত হযরতুল হাজ্ব্ব আল্লামা আবুল কাশেম নূরী (মাঃ জিঃ আঃ) কে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির নির্বাহী চেয়ারম্যান মনোনীত করায় এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি মাদ্রাসা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সহকারী শিক্ষক মুহাম্মদ নুরনবী রাজু’র সঞ্চালনায় এবং পরিচালনা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব আবদুল জব্বার সাহেবের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানটি শুরু হয়।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সম্মানিত সুপার এইচ.এম. মাহমুদুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে আল্লামা নূরী হুজুরের গুরুত্ব তুলে ধরেন এবং তাঁর কর্মের সফলতা কামনা করেন।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন মাওলানা মুহাম্মদ আবুল কাশেম তৈয়্যবি, সহ-সুপার মাওলানা শাহ আলম, মাওলানা ইয়াছিন আত্তারী, ইদ্রিস,মোহাম্মদ আব্দুল গফুর সহ মাদ্রাসা পরিচালনা কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ও অত্র মাদ্রাসার সাবেক সুপার মাওলানা নুরুল আজিম, দপ্তর সম্পাদক মুহাম্মদ আবু মুছা, সাংগঠনিক সম্পাদক আবু সালেহ এবং সদস্যবৃন্দ— রমিজ, আবুল কালাম, আবু মিয়া, আবু জাফর, রশিক, ফারুক প্রমুখ। তাঁদের বক্তব্যে আল্লামা নূরীর পদমর্যাদা ও তাঁর সৃষ্ট কর্ম নিয়ে মূল্যবান আলোচনা উপস্থাপন করা হয়, যা উপস্থিত সবার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উপকারী হয়ে ওঠে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সহ-সভাপতি জনাব শামসুল আলম তালুকদার। তাঁর অনুপ্রেরণাদায়ী বক্তব্যে শিক্ষার্থীরা উৎসাহিত হয়। তিনি সমাজ ও দেশের উন্নয়নে আল্লামা নূরীর সক্রিয় ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জনাব আবদুল হান্নান তালুকদার। তিনি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে অনুষ্ঠানের সাফল্য কামনা করেন এবং উপস্থিতদের নানান দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানের মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি হযরত মাওলানা মুহাম্মদ আবুল কাশেম নূরী (মাঃ জিঃ আঃ)। তিনি তাঁর বক্তব্যে বলেন, “পীর যার যার, সুন্নীয়ত সবার।” তিনি আরও বলেন, আজ সুন্নীরা এক প্লাটফর্মে এসেছে, তাই সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানান।