06/01/2018
চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের (অনার্স সেকশন) সংগঠন সিসিপিসি বিজনেজ গ্র্যাজুয়েট এলামনাই (সিবিজিএ) এর নতুন কমিটি ঘোষণা
১৫ ডিসেম্বর ২০১৭ তারিখ বিকাল ০৩:৩০ ঘটিকায় সিসিপিসি’র অডিটোরিয়ামে পবিত্র কোরান থেকে তেলাওয়াত ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হয় সিসিপিসি বিজনেজ গ্র্যাজুয়েট এলামনাই (সিবিজিএ) এর উদ্যোগে আয়োজিত প্রাক্তন শিক্ষার্থী সমাবেশ। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের (অনার্স সেকশন) সংগঠন সিসিপিসি বিজনেজ গ্র্যাজুয়েট এলামনাই (সিবিজিএ) এর কার্যক্রমকে গতিশীল করা এবং নতুন কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত এ সমাবেশে স্বাগত বক্তব্য প্রদান করেন সিসিপিসি অনার্স সেকশনের সিনিয়র ফ্যাকাল্টি সহযোগী অধ্যাপক জনাব মিঞা মোঃ ইউসুপ চৌধুরী । তিনি তাঁর বক্তব্যে সিবিজিএ এর আনুষ্ঠানিক যাত্রার ইতিহাস ও বিগত দিনে অনুষ্ঠিত কার্যক্রমের চিত্র তুলে ধরেন।
অতপর সিসিপিসি এলামনাই এসোসিয়েশন এর সেক্রেটারি জনাব গোলাম দস্তগীর জনি তার দিকনির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন। তিনি তাঁর বক্তব্যে নতুন কমিটির সাফল্য কামনা করেন এবং সিসিপিসি এলামনাই এসোসিয়েশন ও সিসিপিসি বিজনেজ গ্র্যাজুয়েট এলামনাই (সিবিজিএ) এক সাথে কাজ করার আশ্বাস দেন। প্রাক্তন কমিটির সহ-সভাপতি জনাব মিজানুর রহমান তাঁর বক্তব্যে বিগত কমিটির কার্যক্রম তুলে ধরেন এবং নতুন কমিটিকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি সংগঠনকে শক্তিশালী করতে কমিটির সদস্য না হয়েও আন্তরিকভাবে কাজ করা সম্ভব বলে জানান।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ কর্নেল আবু নাসের মো. তোহা, বিএসপি, এসজিপি,এএফডব্লিউসি,পিএসসি তাঁর দিক নির্দেশনামূলক বক্তব্য শেষে ৪৩ সদস্যবিশিষ্ট এলামনাইয়ের নতুন কমিটি ঘোষণা করেন এবং তাঁদের শপথবাক্য পাঠ করান।
তিনি একইসাথে সংগঠনের কার্যক্রম সমন্বয়ের জন্য অধ্যক্ষ্যকে (পদাধিকার বলে) সভাপতি করে ৮ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি এবং সহযোগী অধ্যাপক জনাব মিঞা মোঃ ইউসুপ চৌধুরীকে সভাপতি করে ৫ সদস্য বিশিষ্ট শিক্ষক মনিটরিং কমিটি ঘোষনা করেন। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন ব্যবস্থাপনা বিভাগের ১ম ব্যাচের জনাব আরিফ চৌধুরী, সহ-সভাপতি নিবাচিত হন ১ম ব্যাচের ব্যবসায় প্রশাসন বিভাগের মো: মিজানুর রহমান এবং ব্যাবস্থাপনা বিভাগ এর মো: আরিফুল ইসলাম। জেনারেল সেক্রেটারি নির্বাচিত হন ব্যবসায় প্রশাসন বিভাগের ১ম ব্যাচের জনাব কাজী আমজাদ হোসেন, ট্রেজারার নির্বাচিত হন জনাব ইবনুল হাসান এবং অর্গানাইজিং সেক্রেটারি নির্বাচিত হন জনাব ইমাম হোসেন রিকু ।
বক্তব্যে অধ্যক্ষ কর্নেল তোহা এ সংগঠনকে একটি সার্বজনীন সংগঠনে রূপান্তরের উপর গুরুত্বারোপ করেন যাতে সিসিপিসি ( অনার্স সেকশন) এর কোন প্রাক্তন শিক্ষার্থী এর বাইরে না থাকে। পরিশেষে সংগঠনের সংবিধান তৈরি, আজীবন সদস্য সংগ্রহ, ব্যাংক হিসাব খোলা ও রিইউনিয়ন প্রোগ্রাম আয়োজন ইত্যাদি বিষয়ে তাঁর দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। নতুন কমিটির সভাপতি মোঃ আরিফ চৌধুরী এর ভবিষ্যত কর্মপরিকল্পনা জানানোর মধ্য দিয়ে সমাবেশের পরিসমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে উপাধ্যক্ষ (কলেজ) জনাব মো. জাহাঙ্গীর আলম, সাবেক বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক রাশেদা আখতার, অনার্স সেকশনের দুই বিভাগীয় প্রধান ও অন্যান্য শিক্ষকগনসহ শতাধিক প্রাক্তন শিক্ষার্থীও সমাবেশে উপস্থিত ছিলেন।