02/10/2022
ছোটবেলা থেকেই কচ্ছপ এবং খরগোশের গল্প আমরা প্রায় সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা প্রথম অধ্যায়টাই কেবল পড়েছি। এ গল্পের আরও যে তিনটি অধ্যায় আছে, যা আমরা কেউ জানিই না বা শুনিই নি!
প্রথম অধ্যায়ঃ প্রথম অধ্যায়ে খরগোশ কচ্ছপের চলার গতি দেখে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে ওঠে। খরগোশ দেখল, সে কচ্ছপের চেয়ে কয়েকগুণ জোড়ে দৌড়াতে পারে। অতিরিক্ত আত্মবিশ্বাসের কারনে খরগোশ একটু বিশ্রাম নিতে থাকে এবং ঘুমিয়ে যায়, আর সেই সুযোগ এর পূর্ণ সদ্ব্যবহার করে কচ্ছপ জিতে যায়!
হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখল, তার পরাজয়ের মূল কারণটি হলো, অতিরিক্ত আত্মবিশ্বাস। তার মানে অতি আত্মবিশ্বাস সকলের জন্যই ক্ষতিকর।
আর কচ্ছপ বুঝলো, লেগে থাকলে এবং সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করলে সাফল্য আসবেই!
দ্বিতীয় অধ্যায়ঃ হেরে যাওয়ার কয়েকদিন পর খরগোশ আবার কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করলো আর কচ্ছপও তাতে রাজী হয়ে গেল। এই বার খরগোশ আগের মত না ঘুমিয়ে দৌড় শেষ করল এবং অতি অল্প সময়ের মধ্যেই কচ্ছপকে পেছনে ফেলে জয়ী হল।
খরগোশ বুঝল মন দিয়ে নিজের সামর্থের পুরোটা দিয়ে কাজ করলে অতি দ্রুত সফল হওয়া যায়।
আর কচ্ছপ বুঝলো, ধীর স্থির ভাবে চলা খুব ভাল, তবে কাজে প্রয়োজনীয় গতি না থাকলে, প্রতিযোগিতামূলক পরিবেশে জয়ী হওয়া প্রায় অসম্ভব!
তৃতীয় অধ্যায়ঃ কচ্ছপ এই বার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতার জন্য আমন্ত্রণ জানালো, আর সেই আমন্ত্রণে খরগোশটিও নির্দ্বিধায় রাজী হয়ে গেলো।
প্রতিযোগিতা শুরুর পূর্বে কচ্ছপটি বলল, "একই রাস্তায় আমরা দুই দুই বার দৌড়েছি, এবার অন্য রাস্তায় হোক।" খরগোশও রাজী। নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হলো। যথারীতি, খরগোশ জোরে দৌড় শুরু করে দিল। কচ্ছপও তার পিছন পিছন আসতে শুরু করল। কচ্ছপ যখন খরগোশের কাছে পৌঁছাল, তখন দেখল খরগোশ দাঁড়িয়ে আছে, দৌড়ের শেষ সীমানায় পৌছতে পারেনি। কারন, দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে। কচ্ছপ খরগোশ এর দিকে এক বার তাকালো, অতঃপর তার সামনে দিয়েই পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌছে প্রতিযোগিতা জিতে গেলো।
এই পর্যায়ে খরগোশ টি বুঝল, শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, পরিবেশ পরিস্থিতি'র পাশাপাশি বাস্তবতা অনুধাবন করাটাও অনেক জরুরী!
আর কচ্ছপ বুঝলো, প্রথমেই প্রতিযোগির দূর্বলতা খুঁজে বের করতে হবে, তারপর সে অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করতে পারলেই সফলতা আসবেই।
গল্প কিন্তু এখানেই শেষ নয়
চতুর্থ অধ্যায়ঃ এইবার খরগোশ কচ্ছপটিকে একই পথে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহ্বান জানালো। আর কচ্ছপটিও তাতে রাজী হলো। কিন্তু, এই বার তারা ঠিক করল, প্রতিযোগি হিসেবে নয়, বরং এবারে দৌড়টা তারা দৌড়াবে একে অপরের সহযোগী হিসেবে!
শুরু হলো প্রতিযোগিতা। খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামলো। খালের কাছে এসে কচ্ছপ খরগোশের পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হল। খালের ঐপারে গিয়ে আবার কচ্ছপ খরগোশ এর পিঠে উঠে বাকী দৌড় শেষ করলো আর এবার তার দু'জনই একসাথে জয়ী হল।
এ থেকে সকলেই শিখলো, ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভাল। কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলেই কেবল আসবে সত্যিকার এর সাফল্য, আর যেখানে বিজয়ীর হাসি হাসতে পারবে সকলেই।।