16/02/2019
দেখতে দেখতে ১০ বৎসর পার করল আমাদের নাড়ির সংগঠন “শান্তিপাড়া শিক্ষা সমিতি”। চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার উত্তর কাঞ্চনা গ্রামে অবস্থিত শান্তিপাড়া বাংলাদেশের সবচেয়ে অনুন্নত ও অবহেলিত এলাকাগুলির একটি। ২০০৯ সালে এলাকার কিছু তরুন মিলে এই উদ্যোগটি শুরু করা হয়। আমাদের কাজের মধ্যে ছিল এলাকার প্রতিটি শিশুকে স্কুল/মাদ্রাসা বা অন্যান্য শিক্ষালয়ে পাঠানো, নিরক্ষর অভিভাবকের শুন্যতা পূরণে দুইজন প্রাইভেট টিউটর বৎসরব্যাপী নিয়োগ রাখা, বিভিন্ন স্কুল পরীক্ষায় ভাল ফলাফল করা শিশুদেরকে পুরস্কারের মাধ্যমে নিয়মিতভাবে উৎসাহিত করা, অতিদরিদ্র অভিভাবকদেরকে তাদের বাচ্চাদের স্কুলের পড়াশোনা অব্যাহত রাখার জন্য উৎসাহিত করা ও প্রয়োজনে আর্থিক অনুদানের ব্যবস্থা করা এবং সময়ে সময়ে বাচ্চাদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরন করা। সুদীর্ঘ সময়ে এইরকম উদ্যোগ অব্যাহত রাখা ব্যয়বহুল হলেও এটা অব্যাহত রাখা হয় এবং ধীরে ধীরে এখান থেকে চমৎকার ফলাফল দেখা যায়। এখন এলাকার প্রতিটি বাচ্চা স্কুলে যায়, প্রতি বৎসর ৪-৫ জন SSC পাস করে এবং শুরুর দিকের ৪ জন ছাত্র-ছাত্রি বর্তমানে অনার্সে অধ্যয়নরত। বছর তিনেক আগে অস্ট্রেলিয়ান ভদ্রলোক মিস্টার ড্যানিয়েল বারউইক এবং তার প্রতিষ্ঠানকে শিক্ষাসামগ্রী বিতরনে আমাদের সহযোগী হিসাবে পাওয়া যায় এবং এতে আমাদের উৎসাহ উদ্দীপনা অনেক বেড়ে যায়। গতকাল সংগঠনটির ১০ বৎসর পূর্তিতে শিক্ষাসামগ্রী বিতরনের ছোটখাট একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং এতে উপজেলা শিক্ষা অফিসার বাবু আশীষ চিরাণ, চট্টগ্রামের বিশিষ্ট গ্যস্ট্রোলিভার বিশেষজ্ঞ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যাপক জনাব আবদুল কাদের এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাবেক নির্বাহী প্রকৌশলী, জনাব আবুল বশার। শান্তিপাড়া শিক্ষা সমিতির কার্যক্রম, এর সাফল্যের বিবরণ মিস্টার বারউইকের প্রতিষ্ঠানের ওয়েবসাইট http://www.hydranttesting.com.au/about/ এ বিস্তারিত দেওয়া আছে। সমগ্র উদ্যোগটিকে সাফল্যমন্ডিত করায় এবং উৎসাহ দেওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। Special thanks to Mr. Daniel Barwick.