10/11/2024
চবি স্কুল এন্ড কলেজে ১০ দফা দাবি পূরণে ৪৮ ঘন্টার আলটিমেটাম
নানা অনিয়ম ও দূর্নীতিতে বিরাজমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এবং কলেজ। অবৈধ নিয়োগ, নিয়োগ বাণিজ্য এবং অযোগ্য শিক্ষকদের দিয়ে পরিচালিত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান এমন অভিযোগের ভিত্তিতে প্রক্টর বরাবর ১০ দফা লিখিত দাবী দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা ৪৮ ঘন্টার আলটিমেটাম বেঁধে দেয়।
রোববার (১০ নভেম্বর) দুপুরে চবি প্রক্টর অফিসে এ অভিযোগপত্র জমা দেয় সাধারণ শিক্ষার্থীরা।
এদিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবিগুলোর দৃশ্যমান কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করা হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এবং কলেজের শিক্ষার্থীবৃন্দ ক্লাস ও পরিক্ষা বর্জন করবে বলে জানায়।
দাবীগুলো-
১. আওয়ামী ফ্যাসিবাদের দোসর, অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত এবং অযোগ্য শিক্ষকদের বহিষ্কার করার পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে যোগ্য, মেধাবী ও শিক্ষার্থীবান্ধব শিক্ষক নিয়োগ দিতে হবে।
২. জুলাই গণবিপ্লবের বিরোধিতাকারী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৩. কলেজের ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।
৪. শিক্ষার্থীদের বেতন-বৈষম্য দূর করা, সঠিক বেতন কাঠামো নির্ধারণ করার পাশাপাশি জরিমানার নামে অবৈধভাবে শিক্ষার্থীদের কাছ থেকে আদায়কৃত লক্ষ লক্ষ টাকার হিসাব তদন্ত সাপেক্ষে প্রকাশ করতে হবে।
৫. শ্রেণীকক্ষ বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ কক্ষসমূহ বাতিল করে শ্রেণীকক্ষ সমূহ পাঠদানের উপযুক্ত করার পাশাপাশি কলেজকে প্রাতিষ্ঠানিক সংস্কারের আওতায় আনতে হবে।
৬. আধুনিক লাইব্রেরী, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ল্যাব ও কম্পিউটার ল্যাবকে যুগ-উপযোগী ও উন্নত মানের করতে হবে।
৭. শিক্ষার্থীদের মেধাবিকাশ ও বিজ্ঞানমনস্কভাবে তৈরি করার জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে। যেমন- বার্ষিক ক্রীড়া, বিতর্ক, বিজ্ঞানমেলাসহ বিভিন্ন অলিম্পিয়াড আয়োজন করতে হবে।
৮. ছাত্রদের জন্য ছাত্র কমন রুম এবং ছাত্রীদের জন্য ছাত্রী কমন রুমের ব্যবস্থা করতে হবে।
৯. টিফিন ও নামাজের জন্য নির্দিষ্ট স্থান ও বিরতি প্রদান করতে হবে।
১০. ফ্যাসিবাদের সকল চিকা, পোষ্টার কলেজ আঙ্গিনা থেকে মুছে ফেলতে হবে।
এছাড়াও শনিবার সকালে চবি আইন অনুষদ মিলনায়তনে অভিভাবক প্রতিনিধিদের নিয়ে সার্বিক বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক সমাবেশের আয়োজন করে।
এ ব্যাপারে চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, চবি স্কুল এন্ড কলেজের সাধারণ শিক্ষার্থীদের ১০ দফা দাবীতে একটি লিখিত অভিযোগ পেয়েছি। আমরা গতকাল অভিভাবক প্রতিনিধিদের সাথে সমাবেশ করেছি। স্কুল ও কলেজের ভাবমূর্তি ফিরিয়ে আনতে আমরা কাজ করছি। সমস্যাগুলো সমাধানের চেষ্টা চলতেছে।