22/08/2026
শিক্ষার্থীদের অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল পরবর্তী একাডেমিক অগ্রগতি এবং ভবিষ্যৎ শিক্ষণ-পরিকল্পনা নিয়ে অভিভাবকদের সাথে মতবিনিময়ের লক্ষ্যে ২২ আগস্ট ২০২৬ (শনিবার) ভাটিয়ারি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ‘অভিভাবক সমাবেশ’ অনুষ্ঠিত হয়।
প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ সভায় বিভিন্ন শ্রেণির জন্য পৃথক সেশনের ব্যবস্থা করা হয়। এতে দায়িত্বপ্রাপ্ত শ্রেণিশিক্ষক, বিষয়শিক্ষক ও কো-অর্ডিনেটরবৃন্দ শিক্ষার্থীদের মূল্যায়নপত্র পর্যালোচনা,শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা ও নৈতিকতা বিকাশে নানা দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় অধ্যক্ষ মেজর মোঃ নাসির উদ্দিন মাহমুদ, এইসি। এছাড়াও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ, কো-অর্ডিনেটরবৃন্দ, শিক্ষকমণ্ডলী এবং আমন্ত্রিত অভিভাবকগণ।
উন্মুক্ত মতবিনিময় পর্বে অভিভাবকবৃন্দ তাঁদের গঠনমূলক মতামত ও প্রত্যাশা তুলে ধরেন। শিক্ষক ও কো-অর্ডিনেটরবৃন্দ অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশে একসাথে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
সভা শেষে সম্মানিত অভিভাবকদের জন্য চা-চক্রের আয়োজন করা হয়।