13/02/2023
প্রশ্ন: স্যার প্রোটোপ্লাজমের জৈবিক বৈশিষ্ট্য কি?
উত্তর: প্রোটোপ্লাজম বিভিন্ন ধরনের উত্তেজনায় সাড়া দেয়।
প্রশ্ন: স্যার প্রোটোপ্লাজম কিভাবে উত্তেজনায় সাড়া দেয়?
উত্তর: উত্তেজনার ইংরেজি হলো স্টিমুলাস। আমাদের চারপাশের পরিবেশে যখন বিভিন্ন ধরনের পরিবর্তন হয় তখন সেই পরিবর্তন উত্তেজনা বা স্টিমুলাস হিসেবে কাজ করে। প্রোটোপ্লাজম পরিবেশের এই বিভিন্ন ধরনের পরিবর্তন তথা উত্তেজনার প্রতি সাড়া দেয়। যেমন হঠাৎ তাপমাত্রা কমলে বা বৃদ্ধি পেলে অথবা অতি বেগুনি রশ্মির প্রভাবে পেশির কোষের সাইটোপ্লাজম সংকুচিত হয়। এভাবে শরীরের একেক ধরনের কোষ একেক ধরনের উত্তেজনায় একেক ভাবে সাড়া দেয়।
প্রশ্ন: স্যার প্রোটোপ্লাজমের আর কি জৈবিক বৈশিষ্ট্য আছে?
উত্তর: খাদ্য তৈরি, খাদ্য হজম, আত্তীকরণ, জনন, বৃদ্ধি, শোষণ ইত্যাদি মেটাবলিক কার্যক্রম প্রোটোপ্লাজম করে থাকে।
প্রশ্ন: স্যার প্রোটোপ্লাজম কিভাবে খাদ্য তৈরি করে?
উত্তর: উদ্ভিদ কোষের প্রোটোপ্লাজম ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করতে পারে। উদ্ভিদের শারীরতত্ত্ব অধ্যায়ে এটি বিস্তারিত আছে।
প্রশ্ন: স্যার মেটাবলিক কার্যক্রম বলতে কি বুঝায়?
উত্তর: মেটাবলিজম বা মেটাবলিক কার্যক্রম কে বাংলায় বলে বিপাক ক্রিয়া। প্রোটোপ্লাজমের অভ্যন্তরে যেসব রাসায়নিক বিক্রিয়া জীবকে বেঁচে থাকতে সাহায্য করে তাকে মেটাবলিক কার্যক্রম বলে। মেটাবলিক কার্যক্রমের মাধ্যমে খাদ্য থেকে শক্তি উৎপাদন হয়, দেহের বৃদ্ধি ও ক্ষয় পূরণ হয় এবং সকল ধরনের জৈবিক কার্যক্রম সম্পন্ন হয়।