09/10/2023
'নারীর চেয়েও বেশি প্রিয় আলস্য' কবির জন্মদিনে।
১৯৬৯ এর উত্তাল সময়। ওই সময়ে টিএসসির দিকে গেলে মেয়েরা একজন কবিকে দেখে বলাবলি করত ওই দেখ দেখ 'এখন যৌবন যার' যায়, যৌবন যার…। যাকে নিয়ে এই বলাবলি তিনি মাত্র দুই লাইন লিখেই তারকা কবি।
বিশ্ববিদ্যালয় জীবনে তারকা বনে যাওয়া কবি ছোটবেলায় মা হারিয়ে বাধ্য হয়ে বোহেমিয়ান জীবন বেছে নিয়েছেলিেন। বোহেমিয়ান জীবন কাটানো কবি জীবিকার জন্য এক সময় জুয়া খেলেছিলেন। বোহেমিয়ান কবির প্রথম কাব্যগ্রন্থ ' যে জলে আগুন জ্বলে ' ১৯৮৬ সালে প্রকাশিত হওয়ার পর ৩৩ বারের বেশি সংস্করণ হয়েছে। দীর্ঘ ২৬ বছর পর ২০১২ সালে তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ' কবিতা একাত্তর ' প্রকাশিত হয়।
মাত্র দুটি কবিতার বই দিয়ে বাংলা সাহিত্যে জায়গা করে নেওয়া কবির প্রিয় হচ্ছে আলস্য। নারীর চাইতেও বেশি প্রিয় আলস্য। অলসতাকে তিনি তারিয়ে তারিয়ে উপভোগ করেন। উপভোগ করেন নির্জনতা,নিঃসঙ্গতা ও একাকীত্ব।
নির্জনতা,একাকীত্ব প্রিয় কবিকে বলা হয় প্রেম ও দ্রোহের কবি,প্রতিবাদের কবি।
প্রেম, দ্রোহের কবি মনে করেন - নজরুলের বিদ্রোহী কবিতায় যতটা না দ্রোহ, বিদ্রোহ এসেছে তার চাইতে বেশি এসেছে রবীন্দ্র নাথ এর ' যদি তোর ডাক শুনে কেউ না এসে তবে একলা চলোরে ' গানে।
এই একলা চলো নীতির কারনে হয়তো তিনি কারো বাঁধনে বাধা না পড়ে একলা জীবন কাটাচ্ছেন। অথচ একসময় তিনি ' হিঁজড়া'র প্রেমেও পড়েছিলেন।
'হিজড়া ' প্রেমিক এর কবিতার প্রধান উপজীব্য মানুষ, মানবিকতাবোধ। মানব প্রেমের কবি লিখেছেন
' নিউট্টন বোমা বুঝো,মানুষ বোঝনা'।
এই কবিতায় যেমন পুঁজিবাদী বোমার বিরূদ্ধে তুমুল প্রতিবাদ খুঁজে পাই, তেমন পাই মানুষের প্রতি ভালোবাসা। ভালোবেসে কবি ইচ্ছে ছিলো কবিতায় লিখেছেন -
' ইচ্ছে ছিল রাজা হবো
তোমাকে সম্রাজ্ঞী করে সাম্রাজ্য বাড়াবো'।
কাউকে সম্রাজ্ঞী করে সাম্রাজ্য বাড়াতে না পারলেও সাম্রাজ্যবাদ বিরোধী কবি কবিতায় সুখের চাষাবাদ করার জন্য দু ইঞ্চি জায়গা চেয়েছেন, লিখেছেন তিনি-
' দুই ইঞ্চি জায়গা হবে?
বহুদিন চাষাবাদ করিনা সুখের।'
মাত্র ইঞ্চি দুই জমি চাই
এর বেশী কখনো চাবো না,
যুক্তিসঙ্গত এই জৈবনিক দাবি খুব বিজ্ঞানসম্মত
তবু ওটুকু পাবোনা
এমন কী অপরাধ কখন করেছি!'
সুখ চাওয়া অপরাধ কিনা এটার প্রমাণিত বৈজ্ঞানিক সত্যতা নাই, কিন্তুুু জীবন ভালোবাসাহীন হৃদয়ের ঋণ থেকে যায়। হৃদয়ের ঋণে জর্জরিত হয়ে প্রেমিক বা প্রেমিকার কি কলঙ্ক হয়?
যেমন লিখেছেন হৃদয়ের ঋণ কবিতায়-
' আমার জীবন ভালোবাসাহীন গেলে
কলঙ্ক হবে কলঙ্ক হবে তোর,
খুব সামান্য হৃদয়ের ঋন পেলে
বেদনাকে নিয়ে স্বচ্ছলতার ঘর
বাঁধবো নিমেষে।'
বেদনাকে নিয়ে স্বচ্ছলতার ঘর বাঁধার কথা কবিতায় বলে তার আরেকটি কাব্যগ্রন্থ -' বেদনাকে বলছি কেঁদোনা। বেদনায় এই কবি কাঁদেন কিনা জানা না থাকলেও আবাসিক হোটেলকে নিজের ঘর বানিয়ে
বসবাস করেন তিনি।
আজ এই কবির জন্মদিন।
১৯৪৮ সালে নেত্রকোণায় জন্মগ্রহণ করেন তিনি।
শুভ জন্মদিন কবি হেলাল হাফিজ।
ছবিঃ
তথ্যসুত্রঃ(১) শেষ বেলায় মন তো চায়,কেউ একজন পাশে থাকুক- হেলাল হাফিজ।
ইমরান মাহফুজ - ডেইলী স্টার - ১৬.৯.২০২১
(২) এক সময় জীবিকা নির্বাহের জন্য জুয়া খেলেছি- হেলাল হাফিজ। চ্যানেল আই অনলাইন। রাজু আলীম।
(৩) আমি একবার এক হিজড়ার প্রেমে পড়েছিলাম- হেলাল হাফিজ। চ্যানেল আই অনলাইন। মাহবুব রেজা।
(৪) বিপ্লবী হওয়ার জন্যেও প্রেম প্রয়োজন- হেলাল হাফিজ। চ্যানেল আই অনলাইন। রাজু আলীম।০৮.১১.২০১৯।
(৫) হেলাল হাফিজ এর কবিতা।
(৬) আমার সবচেয়ে বেশি প্রিয় আলস্য, নারীর চেয়েও বেশি প্রিয়- প্রথম আলো