30/10/2025
আল্লাহ তায়ালা তার কুরআনের পাখিকে জান্নাতুল ফেরদৌসের আলা মোকাম দান করুক।
জিকির করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কোরআনের হাফেজ ত্বকি
খুলনা প্রতিদিন ডেস্ক
কোরআনের হাফেজ সাইফুর রহমান ত্বকি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল ২৫ বছর। মঙ্গলবার রাতেই কুমিল্লার মুরাদনগর উপজেলার ডালপা নেদায়ে ইসলাম দাখিল মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন বিশ্বজয়ী কারি হাফেজ সাইফুর রহমান ত্বকির বাবা মাওলানা বদিউল আলম। জানাজার আগে তিনি আবেগঘন বক্তব্যে বলেন, “আমার ছেলে আইসিউতে যতটুকু প্রাণশক্তি ছিল, তা দিয়ে আল্লাহর জিকির করেছে। আমি তার মুখে জিকিরের শব্দ শুনেছি। তখন আমি দোয়া করেছি—হে আল্লাহ, যদি তার আয়ু শেষ হয়ে থাকে, তবে তাকে ঈমানের সঙ্গে কবুল করে নিন। ত্বকি জিকির করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে।” তিনি আরও বলেন, “আমার ছেলে ইসলামী আদর্শ মেনে জীবন যাপন করেছে। তার মৃত্যুতে কষ্ট পেয়েছি, কিন্তু জানি আমার রবের সন্তুষ্টিই সর্বোচ্চ। আমি নিজ হাতে তাকে সাদা কাফনে মুড়িয়ে কাঁধে নিয়েছি, জান্নাতে পৌঁছে দেওয়ার নিয়তে।” ত্বকির মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি যখন গ্রামের বাড়ি ডালপা গ্রামে পৌঁছায়, তখন হাজারও মানুষের কান্নায় ভেঙে পড়ে পুরো এলাকা। জানাজায় অংশ নিতে দূরদূরান্ত থেকে ছুটে আসেন অসংখ্য মানুষ। রাত ১০টার দিকে উত্তরপাড়া পীরমুড়ি কবরস্থানে তাকে দাফন করা হয়। স্বজন ও শিক্ষকরা জানান, ত্বকি কোরআনের হিফজ সম্পন্ন করেন ঢাকার বিখ্যাত মারকাযুত তাহফিজ থেকে এবং একাধিকবার ওই প্রতিষ্ঠানের কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হন। পরে তিনি নারায়ণগঞ্জের এক মাদ্রাসায় কিতাব বিভাগে অধ্যয়ন করছিলেন। দেশ-বিদেশে কোরআন তেলাওয়াতে অসাধারণ কৃতিত্ব অর্জন করেন ত্বকি। তিনি জর্ডান, কুয়েত ও বাহরাইনের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে বিজয় অর্জন করেন। ২০০০ সালে কুমিল্লার মুরাদনগরের ডালপা গ্রামে জন্ম নেওয়া হাফেজ ত্বকি পাঁচ ভাইয়ের মধ্যে বড় ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোক, সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে স্মৃতিচারণা ও দোয়ার ঢল।