17/08/2026
🌱 একটি বুধবার, সাত দিনের পড়া—আর সাদিয়ার A+
মেয়েটির নাম সাদিয়া আফরিন।
এক বছর এক মাস ধরে প্রতি বুধবার—গণশুনানির দিনে—সে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এসেছে। উদ্দেশ্য একটাই—লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য সামান্য আর্থিক সহায়তার আবেদন।
প্রথম দিন তাকে কয়েকটি সহজ বিষয় জিজ্ঞেস করেছিলাম। তেমন উত্তর দিতে পারেনি।
তাকে পড়ার কিছু কৌশল দেখিয়ে সাত দিনের পড়া দিয়ে বলেছিলাম—
“প্রতি বুধবার ডিসি অফিসে এসে পড়া নিয়ে যাবে। আর তোমাকে যদি সাহায্য করি, সেটা চার মাস পর করব।”
সেদিন থেকে শুরু।
প্রতি বুধবার সে এসেছে। সাত দিনের পড়া নিয়ে গেছে। মাঝে মাঝে দু-এক মিনিট তার পড়া জিজ্ঞেস করেছি। তাকে শুধু বলেছিলাম—
“প্রতিদিন একই সময়ে, একই নিয়মে পড়বে। রাতে দুই ঘণ্টা, ভোরে দুই ঘণ্টা। রাত ১০টায় ঘুমাবে, ভোর ৫টায় উঠবে। বিকেলে এক ঘণ্টা খেলবে। ক্লাস হোক বা না হোক—প্রতিদিন বিদ্যালয়ে যাবে।”
ব্যস, এতটুকুই।
কিন্তু এই ‘এতটুকু’ নিয়মই হয়তো বদলে দিয়েছে একটি জীবনের গল্প।
তার বিদ্যালয় থেকে এবার ৪৩ জন এসএসসি পরীক্ষা দিয়েছে। পাস করেছে ২২ জন। আর সেই ২২ জনের মধ্যে একমাত্র সাদিয়াই পেয়েছে—
⭐ GPA-5 (A+)
আজ আবার তাকে নতুন পড়া বুঝিয়ে দিলাম। তার চোখে এখন শুধু ভালো ফলের আনন্দ নয়—আরও বড় স্বপ্ন দেখার সাহস।
সাদিয়া শুধু একজন শিক্ষার্থী নয়।
সাদিয়া আমাদের চারপাশের হাজারো সম্ভাবনার প্রতিচ্ছবি।
দেশের আনাচে-কানাচে এমন হাজারো সাদিয়া আছে—যাদের মেধা আছে, স্বপ্ন আছে, পরিশ্রম করার ইচ্ছা আছে; শুধু নেই প্রয়োজনীয় কাগজ-কলম, বই কিংবা একটু পথ দেখানোর মানুষ।
অথচ আমরা প্রতিদিন কত অর্থ অনায়াসে অপচয় করছি!
আজ দেশের অন্যান্য শহরের মতো দিনাজপুর শহরও ফেস্টুন, প্ল্যাকার্ড, ব্যানার, পোস্টার ও তোরণে ছেয়ে গেছে। এসব অপচয়ের অর্থ যদি সাদিয়াদের মতো শিক্ষার্থীদের বই-খাতা, কলম ও শিক্ষার পেছনে ব্যয় হতো—তাহলে হয়তো আমাদের দেশটা সত্যিই অন্যরকম হয়ে উঠত।
দেশের আইন ও বিধি-বিধান মেনে চলা শুধু রাষ্ট্রের প্রতি দায়িত্ব নয়—
সমাজের প্রতি দায়িত্বশীল হওয়াও আমাদের কর্তব্য।
আসুন—
আইন মেনে চলি,
সমাজের দিকে চোখ রাখি,
সাদিয়াদের পাশে দাঁড়াই,
সহযোগিতার হাত বাড়াই,
অপচয় রোধ করি,
আর অসংখ্য সাদিয়ার হৃদয়ে
স্বপ্নের বীজ রোপণ করি।
অভিনন্দন, সাদিয়া আফরিন।
তোমার এই জয় শুধু তোমার একার নয়—
এ জয় প্রতিটি স্বপ্নবাজ শিশুর।
তোমাদের জয় হোক।
তোমাদের স্বপ্ন পূরণ হোক।
তোমরাই একদিন বদলে দেবে বাংলাদেশ।
CP
লেখা: DC Dinajpur
ছবি: DC Dinajpur