16/04/2026
অদ্য ৩ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ এপ্রিল, ২০২৬ খ্রি., বৃহস্পতিবার অত্র বিদ্যালয়ের মিলনায়তনে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সভা এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সহকারি শিক্ষক(পদার্থবিজ্ঞান) জনাব টিপলু দে ও সহকারি শিক্ষক(তথ্য ও গ্রন্থাগার বিজ্ঞান) জনাব সুমন দে এর যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অত্র বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি জনাব মোঃ রাজিব হোসেন মহোদয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) জনাব বিধান কুমার মিত্র মহোদয়ের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার জনাব বিপিন চন্দ্র রায় ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের প্রাক্তন সভাপতি, প্রাক্তন শিক্ষার্থী পর্ষদের সভাপতি জনাব তিনকড়ি চক্রবর্ত্তী মহোদয়। সভায় আরো উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষার্থী পর্ষদের সদস্য, সম্মানিত অভিভাবক, জোয়ারা বাণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, চন্দনাইশ আইডিয়াল স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক এবং অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। সভায় বক্তারা গুণগত পড়ালেখার সাথে খেলাধূলায় অংশগ্রহণের উপর জোর দেওয়ার জন্য আহ্বান জানান। একই সাথে অভিভাবকবৃন্দকে সন্তানের পড়ালেখার প্রতি খেয়াল রাখা ও মোবাইল আসক্তিসহ অন্যান্য খারাপ সঙ্গের সাথে যাতে শিক্ষার্থীরা মিশতে না পারে সে ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অত্র বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) জনাব হাছিনা মোছফিকা মোতালিব। বক্তব্য প্রদান শেষে বক্তারা বিজয়ী কৃতি শিক্ষার্থীদের মধ্যে বিজয় স্মারক তুলে দেন। এ ছাড়াও বিদ্যালয়ের পরম হিতৈষী, প্রাক্তন কৃতি শিক্ষার্থী, বিশিষ্ট শিল্পপতি জনাব তিনকড়ি চক্রবর্ত্তী মহোদয় বিজয়ী শিক্ষার্থীদের তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নৃত্য ও গান পরিবেশন করে।