13/04/2023
*তিরাশি বছর অপেক্ষা শ্রেষ্ঠ এক মহিমান্বিত রজনী লাইলাতুল কদর:*💠🌠💠🌠💠🌠
*কুরআন অবতরণের শ্রেষ্ঠ রজনী লাইলাতুল কদর:*
কদরের মহিমান্বিত এ রজনিই হল পবিত্র কুরআন অবতরণের শুভলগন। আল্লাহ্ তা'আলা বলেন, রমাযান মাস; যাতে মানুষের দিশারী এবং সৎপথের স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্য নিরূপনকারীরূপে আলকুরআন অবতীর্ণ হয়েছে। *(সূরা বাকারা ১৮৫)*
অন্যত্র আল্লাহ্ তা'আলা বলেন, নিশ্চয় আমি কুরআন অবতীর্ণ করেছি মহিমান্বিত রজনীতে। আর মহিমান্বিত রজনী সম্বন্ধে তুমি কী জান? মহিমান্বিত রজনী সহস্র মাস অপেক্ষা শ্রেষ্ঠ। সে রাত্রিতে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে। শান্তিই শান্তি সেই রজনী; ঊষার আবির্ভাব পর্যন্ত। *(সূরা কাদর)*
*ভাগ্য রজনী লাইলাতুল কদর:*
কদর রজনীতে আল্লাহ্ তা'আলা মানুষের কর্মবিবরণী বণ্টন করেন। সূরা দুখানে আল্লাহ্ তা'আলা বলেন, হা-মীম। শপথ সুস্পষ্ট গ্রন্থের। আমি তো একে অবতীর্ণ করেছি বরকতময় রজনীতে; আমি তো সতর্ককারী। এ রজনীতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়। আমার আদেশক্রমে, আমি তো রাসূল প্রেরণ করে থাকি। তোমার প্রতিপালকের অনুগ্রহস্বরূপ; তিনি তো সর্বশ্রোতা, সর্বজ্ঞ। *(সূরা দুখান ১-৬)*
আয়াতে বর্ণিত বরকতময় রজনীই হল লাইলাতুল কদর।হযরত ইবনে 'আব্বাস (রাদিআল্লাহু তা'আলা 'আনহু) বলেন, তুমি মানুষকে দেখছ, সে হাট-বাজারে চলাচল করছে। অথচ তার নাম মৃতদের তালিকায় লিপিবদ্ধ হয়ে গেছে। অতঃপর তিনি পাঠ করলেন,
*انا انزلناه فى ليلة مباركة انا كنا منذرين. فيها يفرق كل امر حكيم.*
*(তরজমা:)* আমি তো একে অবতীর্ণ করেছি বরকতময় রজনীতে; আমি তো সতর্ককারী। এ রজনীতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়। *(সূরা দুখান ২-৩ মুস্তাদরাকে হাকিম, হাদীস ৩৬৭৮)*