06/01/2026
# মোঃ আলতাফ হোসেন মজনু মাষ্টার স্মৃতি মেধা বিকাশ বৃত্তি ২০২৫
# ফলাফল ও পুরস্কার বিতরণী:
# বগাচতর গুলবাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক “মোঃ আলতাফ হোসেন মজনু মাষ্টার স্মৃতি মেধা বিকাশ বৃত্তি পরীক্ষা-২০২৫” অনুষ্ঠিত হয় ২৬অক্টোবর ২০২৫ইং তারিখে। এই পরিক্ষার মূল উদ্দেশ্য ছিল—তাঁর স্মৃতিকে ধরে রেখে গ্রামীণ শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও সামাজিক শিক্ষার বিকাশ ঘটানো। এই বিদ্যালয়টি ছিল তাঁর শেষ কর্মস্থল, যেখানে কর্মরত থেকে তিনি ২০১৯ সালে ক্যান্সারের মত দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে পৃথিবী থেকে চিরবিদায় নেন।
# গত ৪ জানুয়ারি ২০২৬ ইং তারিখে “মোঃ আলতাফ হোসেন মজনু মাষ্টার স্মৃতি মেধা বিকাশ বৃত্তি পরীক্ষা-২০২৫” এর ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়। এতে ৩য় থেকে ৫ম শ্রেণির মেধাক্রম ও গ্রেড ভিত্তিক উত্তীর্ণ মোট ২০ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এতে পাশ নম্বর পাওয়া প্রত্যেক শিক্ষার্থীকে সৌজন্য পুরস্কার প্রদান সহ বিশেষ ক্যাটাগরির কয়েকজন শিক্ষার্থীকে বাছাই করে বিশেষ উৎসাহ পুরস্কার প্রদান করা হয়।
# পুরস্কার ও উপহার: নৈতিক শিক্ষামূলক বই, খাতা, জ্যামিতি বক্স, পেন্সিল বক্স, পেন্সিল, সাবান সহ শিক্ষা উপকরণ।
# পুরস্কার বিতরণ করেন উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাবা শিপ্রা চৌধুরী, সহকারী শিক্ষক গুলজার হোসেন, নাসিমা বেগম ও বিথী চৌধুরী। এই সময় উপস্থিত ছিলেন মহিউদ্দীন ভূঁইয়া জামে মসজিদের সম্মানিত সেক্রেটারি ও ফ্রেন্ডস ইউনিয়নের ট্রেজারার জনাব মোঃ ইয়াছিন, অভিভাবক প্রতিনিধি এবং সেরা নেটওয়ার্কের প্রতিনিধি ।
# অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রয়াত প্রধান শিক্ষকের ছোট ভাই ও এই আয়োজনের প্রধান সমন্বয়কারী মোঃ ছাখাওয়াত হোসেন ইকবাল—যিনি এই বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে বড় ভাইয়ের সাথে বিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন কাজে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানবিক ও সামাজিক শিক্ষার প্রতি গুরুতবারোপ করে উপদেশ প্রদান ও তাঁদের আলোকিত ভবিষ্যৎ কামনা করেন।
শিক্ষার্থীদের আগ্রহে আগামী ডিসেম্বর মাসের মধ্যে আবারও বৃত্তি পরীক্ষার আয়োজনের ইচ্ছা প্রকাশ করেন তিনি।
এ সময় সেরা পরিবারের সদস্যগন শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে বেশ কিছুক্ষণ আন্তরিক পরিবেশে সময় কাটান।
# অনুষ্ঠানে প্রদর্শন করা হয় মাস্টার সফিউল্ল্যাহ পরিবারের উদ্যোগে পরিচালিত মানবিক প্রতিষ্ঠান সেরা (SERA)-র কার্যক্রমের সচিত্র ডকুমেন্টারি।
# অনুষ্ঠান ব্যবস্থাপনায় সার্বিক সহযোগিতায় ছিলেন মাষ্টার সফিউল্ল্যাহ পরিবারের বর্তমান প্রজন্মের প্রতিনিধি মুহাম্মদ মেহেদি হাছান ও ইনতেছার বিন আনোয়ার ইমন।
আন্তরিক ধন্যবাদ সকল শিক্ষার্থী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক, প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও SERA পরিবারের প্রতি, যাঁদের অনুপ্রেরনা, পরিশ্রম ও সহযোগিতায় এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।
এই আয়োজন কেবল পুরস্কার নয়—এটি ছিল এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে জ্ঞান, মানবিকতা ও অনুপ্রেরণার শিকড় বপনের এক অঙ্গীকার।
আসুন, প্রয়াত প্রধান শিক্ষক মজনু স্যারের শিক্ষার আলো ও মানবিকতার পথচলা ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিই।
কৃতজ্ঞতা ।
সেরা
SERA-Social Education for Rural advancement