08/08/2022
অ্যাপোলোর নাম তো জানেনই। গ্রিক পুরাণে, অ্যাপোলোরই জমজ বোন আর্টেমিস (Artemis), তাদের পিতা দেবরাজ জিউস। অ্যাপোলোকে যদি সূর্য বলা হয়, আর্টেমিস তাহলে চন্দ্র। নাসার অ্যাপোলো যুগ শেষ হয়েছে বহু আগেই, এ বছর অর্থাৎ ২০২২ সালে শুরু হচ্ছে আর্টেমিস যুগ। মানুষ ফিরছে চাঁদে; চাঁদে পা রাখবেন প্রথম নারী। নাসা ও আরও কিছু কোম্পানির মিলিত প্রচেষ্টা এই Artemis Program।
এবছর আগস্টের শেষে বা সেপ্টেম্বরের শুরুতে রওনা হচ্ছে আর্টেমিস-১। এবারের লক্ষ্য অবশ্য 'অরায়ন' (Orion) আকাশযানকে চাঁদের কক্ষপথে ছেড়ে দেয়া, এরপর ফিরিয়ে আনা। এই মিশনটি পরীক্ষামূলক। অরায়নে মূলত ৬ জন নভোচারী থাকতে পারবেন, যদিও এবার মানবহীন মিশন। ২০২৪ সালের মে মাসে লঞ্চ হবে আর্টেমিস-২। সেটায় নভোচারীরা থাকবেন, তবে চাঁদের আশপাশ ঘুরে আবার পৃথিবীতে ফেরত আসবেন তারা, ল্যান্ড করবেন না।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৫ সালে আর্টেমিস-৩ মিশনে চাঁদে অবতরণ করবে মানুষ, যেটা এ শতাব্দীতে প্রথম। ৫৩ বছর পর আবারও। এবারের লক্ষ্য চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করা। টানা এক সপ্তাহ দুজন নভোচারী থাকবেন চাঁদের বুকে, বাকি দুজন থাকবেন চাঁদের কক্ষপথে অরায়ন মহাকাশযানের ভেতর। এই মিশনে চারজন নভোচারী থাকবেন মোট। তারা চাঁদে নামার আগেই পূর্বে থেকে কিছু যন্ত্রপাতি রাখা হবে চাঁদে, থাকবে রোভারও। তারা বরফ স্যাম্পলিং করার পাশাপাশি আরও কিছু বৈজ্ঞানিক পরীক্ষা সম্পন্ন করবেন।
এবার চাঁদের বুকে পা ফেলবেন প্রথম নারী, আর সেই সাথে শ্বেতাঙ্গ ব্যতীত অন্য কেউ।
চাঁদে অবতরণ করা হবে যে যানের সাহায্যে, সেটির দায়িত্ব পেয়েছে ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্স। ছবিতে সেটিরই একটি রেন্ডারড ইমেজ দেখতে পাচ্ছেন।