04/12/2025
জাতীয় বিশ্ববিদ্যালয় এর ট্রেজারার মহোদয়ের নিকট থেকে অর্থনীতি বিভাগের নিহত ছাত্রের বাবার
এক লক্ষ টাকার অনুদানের চেক গ্রহণ
----------------------------------------
সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অর্থনীতি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র মোঃ মাহফুজুর রহমান গাজীপুর টঙ্গী ব্রিজের উপর গত ১০ জুলাই ২০২৫ মধ্যরাতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নির্মমভাবে নিহত হয়। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় ছাত্রের এমন নির্মম হত্যাকাণ্ডে আমরা শোকে স্তব্ধ হয়ে যাই। তার পরিবারকে সান্ত্বনা দেয়ার ভাষা খুজে পাইনা। তার এমন আকস্মিক মৃত্যুতে তার বৃদ্ধ পিতা-মাতা শোকে পাগল প্রায়। পরিবারের বড় সন্তান মাহফুজ ওই পরিবারের আশার আলো হয়ে জ্বলছিল। মাহফুজের এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে পরিবারটির আশার আলোটি নিভে যায়। আমরা সকলেই জানি যে, মৃত্যুর কোন ক্ষতিপূরণ হয় না।
তবু পরিবারটির দারিদ্র্যের কথা বিবেচনা করে কলেজের সুযোগ্য উপাধ্যক্ষ মহোদয় প্রফেসর মোঃ আখতারুজ্জামান খান এর পরামর্শে বিশ্ববিদ্যালয়ের নিকট আর্থিক অনুদানের আবেদন করা হয়। মান্যবর অধ্যক্ষ মোঃ হারুন অর রশিদ হাওলাদার স্যারের সার্বিক নির্দেশনা নিয়ে অর্থনীতি বিভাগ নিহতের পিতার মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আর্থিক অনুদানের আবেদন করে। নিয়মিত বিশ্ববিদ্যালয়ে যোগাযোগের কাজে অর্থনীতি বিভাগের শিক্ষকবৃন্দ, বিশেষত মোঃ হানিফ অত্যন্ত তৎপর ছিলেন। এছাড়াও শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ আনসার আলী বিশ্ববিদ্যালয়ে যোগাযোগের ক্ষেত্রে ভূমিকা রাখেন। মহান আল্লাহর অসীম কৃপায় সকলের সহযোগিতায় গত ৩০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এটিএম জাফরুল আজম মহোদয়ের হাত থেকে নিহতের পিতা মোঃ ফরিদ উদ্দিন অনুদানের এক লক্ষ টাকার চেক গ্রহণ করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এরূপ ক্ষেত্রে অনুদান প্রদানের ঘটনা এটিই প্রথম। বিশ্ববিদ্যালয় এর মানবিক উদ্যোগকে স্বাগত জানাই, জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
কোন কোন কিছু দিয়েই মৃত্যুর ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়। তবু শোকাহত পরিবারটির বিপদে তাদের পাশে থাকা চেষ্টা করতে পেরেছি এটুকুই আমাদের সান্তনা।