অধ্যক্ষের বাণী
অমৃত লাল দে মহাবিদ্যালয় আজ দক্ষিণ বাংলার শুধু নয়, বাংলাদেশেরই অন্যতম একটি প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করেছে। মানসম্পন্ন শিক্ষার বিকাশ সাধনে এ প্রতিষ্ঠানের সুখ্যাতি সর্বমহলে সুবিদিত। অসংখ্য ক্ষণজন্মা মানবের স্মৃতিধন্য বরিশালের বিশিষ্ট দানবীর, শিক্ষানুরাগী, সমাজসেবী প্রয়াত অমৃত লাল দে যে- মহৎ উদ্দেশ্য নিয়ে এ মহাবিদ্যালয়টি প্রতিষ্ঠা করে গেছেন তা আজ সার্থকতার পথে। ইতোম
ধ্যে বোর্ডের মেধা তালিকায় শিক্ষার্থীদের শীর্ষস্থানগুলো লাভ আমাদের গঠনমূলক শিক্ষা কার্যক্রমেরই সাফল্য।
বর্তমান দ্রুত পরিবর্তনশীল আর্থ-সামাজিক অবস্থার সাথে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের উপযুক্ত মেধার বিকাশে আমরা বদ্ধপরিকর। এ মহাবিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীসহ সংশ্লিষ্ট সকলেই এ লক্ষ্যে নিরলসভাবে দায়িত্ব পালন করে চলেছেন। এ প্রসপেক্টাসে যে বিষয়গুলোর উল্লেখ রয়েছে তা সম্পূর্ণভাবেই আধুনিক ও গতিশীল শিক্ষা সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে সহায়তা করবে। সদ্য প্রবর্তিত এস.এস.সি ও এইচ.এস.সি পর্যায়ে গ্রেডিং পদ্ধতির মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, আমরা উচ্চ মাধ্যমিক স্তরে তার আলোকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। আমাদের পদক্ষেপগুলো ছাত্র-ছাত্রীদের জন্য ইতিবাচক ফল বয়ে আনছে। তবে এ ক্ষেত্রে সর্বাগ্রে প্রয়োজন শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি গভীর মনোযোগ এবং অভিভাবকদের সচেতনতা।
আমাদের আদর্শ ‘কর্মই ধর্ম’। এ আদর্শকে সামনে রেখে দেশের জন্য দক্ষ মানবসম্পদ গড়ার লক্ষ্যে মানসম্পন্ন শিক্ষার প্রসারে আমাদের প্রচেষ্টা অব্যহত থাকবে। এ প্রচেষ্টায় ছাত্র-ছাত্রী ও অভিভাবকসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
তপংকর চক্রবর্তী
অধ্যক্ষ
অমৃত লাল দে মহাবিদ্যালয়
অমৃত লাল দে সড়ক
হাসপাতাল রোড, বরিশাল-৮২০০।