22/05/2026
*** এডিপির সবুজ পাতায় পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প ***
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) বহুল প্রত্যাশিত ৫০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) সবুজ পাতায় অন্তর্ভুক্ত হয়েছে। গত ২৭ এপ্রিল ২০২৬-২৭ অর্থবছরের নতুন উন্নয়ন প্রকল্প অন্তর্ভুক্তির লক্ষ্যে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় প্রোগ্রামিং কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সরকারি অর্থায়নে বাস্তবায়নযোগ্য উক্ত প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের লক্ষ্যে জমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন, সীমানা প্রাচীর নির্মাণ এবং অ্যাকাডেমিক ভবন ও প্রশাসনিক ভবন নির্মাণসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। প্রকল্পটির সম্ভাব্য বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত।
এডিপির সবুজ পাতায় প্রকল্প অন্তর্ভুক্ত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে বলে মনে করছেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ৷
বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, বর্তমানে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের লক্ষ্যে ফিজিবিলিটি স্ট্যাডি ও মাস্টারপ্ল্যান প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে। মাস্টারপ্ল্যান অনুযায়ী পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে মানসম্মত শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এডিপিতে উন্নয়ন প্রকল্প অন্তর্ভুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বড় অর্জন।
একইসঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প সরকারের উন্নয়ন কর্মসূচির সবুজ পাতায় অন্তর্ভুক্ত হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
কর্তৃপক্ষের নির্দেশক্রমে
প্রকাশনা ও জনসংযোগ দপ্তর
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
17/05/2026
21/04/2026
09/04/2026