03/04/2025
"মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়" ভর্তি ও আবেদন পদ্ধতি:
"মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়" সৌদি আরবের মদিনা শহরে অবস্থিত একটি প্রখ্যাত পাবলিক বিশ্ববিদ্যালয়। ১৯৬১ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি ইসলামি শিক্ষার ক্ষেত্রে বিশ্বব্যাপী পরিচিত। এই বিশ্ববিদ্যালয়'টির ব্যাপারেই বলা হয়:
الجامعة التي لا تغيب عنها الشمس
অর্থাৎ, এটি এমন একটি বিশ্ববিদ্যালয়, যার সূর্য অস্ত যায়না।
ইতিহাস:
১৯৬১ সালে বাদশাহ সঊদ বিন আব্দুল আযীয-এর রাজকীয় ফরমানের মাধ্যমে মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার সময় এটি একটি অনুষদ ও ৮৫ জন শিক্ষার্থী নিয়ে কার্যক্রম শুরু করে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে প্রায় ২২,০০০ শিক্ষার্থী অধ্যয়নরত আছেন, যারা বিশ্বের ১৭০টিরও বেশি দেশের প্রতিনিধিত্ব করছেন।
প্রোগ্রাম এবং অনুষদঃ
বিশ্ববিদ্যালয়টি বিভিন্ন অনুষদের মাধ্যমে স্নাতক, স্নাতোকত্তর ও ডক্টরেট পর্যায়ে শিক্ষা প্রদান করে। শিক্ষার্থীরা শারীয়াহ, কুরআন, হাদীস, আরবি ভাষা, দাওয়াহ সহ অন্যান্য ইসলামি বিষয় এবং সাধারণ বিষয়েও উচ্চশিক্ষা গ্রহণ করতে পারেন।
বৃত্তির সুবিধা:
বিশ্ববিদ্যালয়টি প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে, যাতে বাংলাদেশি শিক্ষার্থীরাও অংশগ্রহণ করতে পারেন।
স্কলারশিপ গ্রহণকারী ছাত্রদের মাসিক ৮৪০ সৌদি রিয়াল (প্রায় ২৬ হাজার টাকা) দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ে কোনো টিউশন ফি নেই, এবং বিনামূল্যে থাকা ও চিকিৎসার সুবিধা রয়েছে। ৩ বেলা খাবারের ব্যবস্থা নামমাত্র মূল্যে। এছাড়াও, বিবাহিত শিক্ষার্থীদের জন্য ফ্যামিলি ভিসার সুবিধাও রয়েছে (এক্ষেত্রে ফেরতযোগ্য নগদ অর্থ জামানত রাখতে হয়)।
বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর প্রায় তিন মাস গ্রীষ্মকালীন ছুটি, দেশে আসা-যাওয়ার জন্য টিকিট (বছরে একবার), এবং প্রস্তুতি ভাতা প্রদান করা হয়। মসজিদে নববীতে প্রতিদিন বিকেলে যাওয়া-আসার জন্য ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে।
আবেদন পদ্ধতি:
আগে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পোর্টালে আবেদন করা গেলেও বর্তমানে সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সৌদির সকল ইউনিভার্সিটির জন্য গুচ্ছ পদ্ধতিতে একত্রে আবেদন করতে হয়। এখানে সর্বোচ্চ ৫টি বিশ্ববিদ্যালয় চয়েস করা যায়।
২০২৫ সালের আবেদন ডেডলাইন:
১লা মে থেকে ১৪ই জুন পর্যন্ত।
বি:দ্র: মদিনা বিশ্ববিদ্যালয় যদি প্রথম চয়েসে না রাখা হয়, তবে তারা সাধারণত সিলেকশন করে না। এজন্য অবশ্যই মদিনা বিশ্ববিদ্যালয়কে প্রথম চয়েসে রাখুন।
মদিনা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে:
মূল একাডেমিক সনদের পাশাপাশি অতিরিক্ত কিছু ডকুমেন্ট অর্জন করা জরুরি। যেমন: কুরআন হিফয্ করা, মুতুন মুখস্থ করা, আরবি-ইংরেজি ভাষার সার্টিফিকেট। এসব অবশ্যই বৈধভাবে অর্জন করুন। অনলাইনে পরীক্ষা ছাড়াই টাকা দিয়ে সার্টিফিকেট কিনবেন না। এটি ধর্মীয়ভাবে গুনাহের কাজ এবং স্কলারশিপ কমিটি যদি জাল সনদ ধরে ফেলে, তবে সৌদি স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা চিরকাল জন্য বন্ধ হয়ে যাবে।
আসন্ন মন্ত্রনালয়ের আবেদন প্রক্রিয়ায় মদিনা বিশ্ববিদ্যালয় হতে পারে আপনার প্রথম চয়েস। আল্লাহ সকলের মনের আশা পূর্ণ করুন, আমিন। H.M. Bashir Udayon Islamic Academy