28/05/2026
কুরবানী শব্দটি আরবি ‘কুরব’ বা ‘কুরবান’ থেকে এসেছে, যার অর্থ হলো নৈকট্য বা সান্নিধ্য লাভ করা। অর্থাৎ, যে ত্যাগের মাধ্যমে আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি অর্জন করা যায়, তাকেই কুরবানী বলা হয়।
কুরবানীর মূল ইতিহাস লক্ষ করলে আমরা দেখি, আল্লাহর নবী ইবরাহীম (আ.) আল্লাহর নির্দেশ পেয়ে তাঁর সবচেয়ে প্রিয় বস্তু, নিজ সন্তান ইসমাইল (আ.)-কে কুরবানী করতে সম্পূর্ণ প্রস্তুত হয়েছিলেন। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি এই চরম ত্যাগের সিদ্ধান্ত নেন।
পরবর্তীতে আল্লাহর রহমতে সন্তানের বদলে একটি পশু (দুম্বা) কুরবানী করা হয়। ত্যাগের এই মহান শিক্ষাই হলো কুরবানীর মূল বিষয়।
কিন্তু বর্তমানে আমাদের কাছে কুরবানী মানেই যেন শুধুই গোশত দিয়ে উদরপূর্তি করা।
একটি পশুকে নিজ হাতে লালন-পালন করে বড় করার পর তাকে কুরবানী দেওয়া, আর হাট থেকে কিনে এনে কিছু দিন পর কুরবানী দেওয়ার মাঝে অনেক তফাৎ রয়েছে।
যারা কোনো পোষা প্রাণী পালে, কেবল তারাই বোঝে একটি প্রাণীকে মায়া দিয়ে বড় করে তাকে কুরবানী দেওয়া কতটা কষ্টের। যেখানে কোনো জড়বস্তু হারিয়ে গেলেই আমরা কত আফসোস করি, সেখানে নিজ হাতে বড় করা প্রাণীকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়া অনেক বড় ত্যাগের ব্যাপার।
কুরবানীর মূল উদ্দেশ্য কেবল পশু জবাই নয়, বরং আল্লাহর সন্তুষ্টি ও তাকওয়া অর্জনের নিয়তে নিজের প্রিয় বস্তুকে ত্যাগ করা।
আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি, তাহলে দেখা যাবে , আমাদের নিজেদের ভেতরেও এমন অনেক বদ অভ্যাস বা শখ আছে, যেগুলো আমাদের মনের কাছে খুব প্রিয়, কিন্তু ইসলামে তা নিষিদ্ধ। আমরা অবচেতনভাবেই বা স্বভাবগত কারণে এই খারাপ অভ্যাসগুলোকে আঁকড়ে ধরে রাখি।
যেহেতু কুরবানী মানেই আল্লাহর জন্য প্রিয় কিছু ত্যাগ করা, তাই এবারের ঈদে পশু কুরবানীর পাশাপাশি আমরা আমাদের নিজেদের এই বিষয়গুলো নিয়েও একটু ভাবতে পারি।
একটু সময় নিয়ে খুঁজে দেখি, ভাবি—এমন কী কী বদ অভ্যাস আমাদের মাঝে আছে। হতে পারে সেটা গান শোনা, মুভি দেখা, কারো ওপর জুলুম করা বা অন্য যেকোনো কাজ—যা করতে হয়তো খুব ভালো লাগে, কিন্তু ইসলামে অনুমোদিত নয়।
পশু কুরবানীর পাশাপাশি এবারের কুরবানী হোক নিজের এমনই কোনো এক বদ অভ্যাসের।
আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।
বি.দ্র.: এটি কোনো ফতোয়া নয়, জাস্ট নিজের চিন্তাভাবনা শেয়ার করলাম।
—এডমিন
Anyway
"তাক্বাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম"
বাংলা অর্থ: আল্লাহ আমাদের এবং তোমাদের পক্ষ থেকে কবুল করুন।
🌙 ঈদ মুবারক 🌙