25/08/2019
ম্রো ভাষা শিক্ষা কোর্সে (অক্ষর জ্ঞান) ভর্তির বিজ্ঞপ্তি। শিক্ষাবর্ষ ২০১৯-২০২০ ব্যাচ নং ০১। কোর্সের মেয়াদ ২৭.০৮.২০১৯ মঙ্গলবার হতে ২৯.১০.২০১৯ মঙ্গলবার। মাসিক পরীক্ষা (লিখিত ও মৌখিক) ২৭.০৯.২০১৯ শুক্রবার। চূড়ান্ত পরীক্ষা (লিখিত ও মৌখিক) ৩০.১০.২০১৯ বুধবার। ক্লাসের স্থান : সরকারি মাতামুহুরী কলেজ, লামা উপজেলা, বান্দরবান পার্বত্য জেলা। ক্লাসের সময় : প্রতিদিন বিকাল ০৫.০০টা হতে সন্ধ্যা ০৬.৩০টা (কেবল সাধারণ ছুটি ও সরকারি ছুটির দিন ব্যতীত)। শিক্ষক : জনাব মেনপয় ম্রো, খাতদিং পাড়া, আলীকদম উপজেলা, বান্দরবান পার্বত্য জেলা। পরীক্ষক : জনাব দিরওয়াই ম্রো, হেডম্যান পাড়া, লামা উপজেলা, বান্দরবান পার্বত্য জেলা। ম্রো শিক্ষার্থীগণকে শিক্ষা কোর্সে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হচ্ছে #
উল্লেখ্য যে, বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের গবেষণা ও প্রকাশনা শাখার উদ্যোগে ম্রোদের মাতৃভাষার বর্ণমালার মাধ্যমে 'ম্রো ভাষা শিক্ষা কোর্স (অক্ষর জ্ঞান)' সর্বপ্রথম চালু করা হয় ১৬ আগস্ট ২০০০ তারিখে। কোর্সটি বান্দরবান সদর উপজেলা, লামা উপজেলা, আলীকদম উপজেলা ও থানচি উপজেলা অর্থাৎ বান্দরবান পার্বত্য জেলার ৪টি উপজেলায় ম্রো অধ্যুষিত এলাকায় আয়োজন করা হয়। ইতোমধ্যে মারমা ভাষা ১৬ আগস্ট ১৯৯২ তারিখে, বম ভাষা ২৪ মার্চ ১৯৯৭ তারিখে, ম্রো ভাষা ১৬ আগস্ট ২০০০ তারিখে, তঞ্চঙ্গ্যা ভাষা ২২ এপ্রিল ২০১৪ তারিখে, চাক ভাষা ২১ জানুয়ারি ২০১৬ তারিখে, ত্রিপুরা ভাষা ৩০ মার্চ ২০১৬ তারিখে এবং খুমী ভাষা ০৮ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে অর্থাৎ মোট ৭টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষার বর্ণমালার মাধ্যমে শিক্ষা কোর্স চালু করা হয়েছে। বর্তমানে 'চাকমা ভাষা শিক্ষা কোর্স (অক্ষর জ্ঞান)' চালু করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরও উল্লেখ্য যে, কোর্সের সময়সূচি ও ক্লাসের স্থান নির্ধারণ করার পর ভাষা শিক্ষা কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রচার করা হয়। নির্ধারিত ভর্তি ফরম পূরণ করে ভর্তির জন্য আবেদন করতে হয়। কমপক্ষে ৫ম শ্রেণি পাশ এবং নিজ মাতৃভাষায় কথোপকথনে দক্ষ হলেও মাতৃভাষার বর্ণমালায় লিখতে বা পড়তে পারেন না এমন শিক্ষার্থীগণকে সংশ্লিষ্ট ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা শিক্ষা কোর্সে ভর্তির জন্য আহ্বান জানানো হয়। আসন সীমিত; তাই ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে শিক্ষার্থীদের ভর্তি করা হয়। শিক্ষা গ্রহণের জন্য কোন ফি দিতে হয় না। শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যপুস্তিকা সরববরাহ করা হয়। কোর্সটি ২ (দুই) মাস মেয়াদি (৬০ কর্মদিবস হিসেবে)। ক্লাস প্রতিদিন বিকাল ০৫.০০টা থেকে সন্ধ্যা ০৬.৩০টা পর্যন্ত অর্থাৎ প্রতিটি ক্লাস দেড় ঘণ্টা মেয়াদি। সাধারণ ছুটি ও সরকারি ছুটির দিন ক্লাস বন্ধ থাকে। শিক্ষা কোর্সের ক্লাসসমূহে শিক্ষার্থীর উপস্থিতি মোট ক্লাস বা কর্মদিবসের অন্যূন ৮০% (আশি শতাংশ) দিন না হলে পরীক্ষায় অংশগ্রহণ করা যায় না। নিজ মাতৃভাষায় দক্ষ ও অভিজ্ঞ একজনকে শিক্ষকের দায়িত্ব এবং অন্য একজনকে পরীক্ষকের দায়িত্ব প্রদান করা হয়। কোর্সের পাঠ্যসূচি অনুসরণ করে শিক্ষক মাসিক পরীক্ষা ও চূড়ান্ত পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করেন। সে ভিত্তিতে লিখিত পরীক্ষা গ্রহণ করার পর পরীক্ষক পরীক্ষার খাতা কাটেন এবং মৌখিক পরীক্ষা গ্রহণ করেন। কোর্সের প্রথম মাসে সাপ্তাহিক পরীক্ষা ও পাক্ষিক পরীক্ষা গ্রহণ করা হয়। কোর্সের মেয়াদ এক মাস পূর্ণ হলে মাসিক পরীক্ষা (লিখিত ও মৌখিক) গ্রহণ করা হয়। সাপ্তাহিক পরীক্ষা ১০ নম্বর, পাক্ষিক পরীক্ষা ১৫ নম্বর ও মাসিক পরীক্ষার ৭৫ নম্বর (লিখিত ৫০ নম্বর ও মৌখিক ২৫ নম্বর) অর্থাৎ মোট ১০০ নম্বর সমন্বিত করে মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। কোর্সের মেয়াদ দু মাস পূর্ণ হলে চূড়ান্ত পরীক্ষা (লিখিত ও মৌখিক) গ্রহণ করা হয়। কোর্স চলাকালীন শিক্ষার্থীর সার্বিক কর্মকাণ্ডের ভিত্তিতে প্রদত্ত নৈমিত্তিক ২৫ নম্বরের সাথে চূড়ান্ত পরীক্ষা ৭৫ নম্বর (লিখিত ৫০ নম্বর ও মৌখিক ২৫ নম্বর) অর্থাৎ মোট ১০০ নম্বর সমন্বিত করে চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এ ফলাফলের ভিত্তিতে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীগণকে মেধাভিত্তিক পুরস্কার এবং কোর্স সমাপ্তকারী আরও ২৫ (পঁচিশ) জন শিক্ষার্থীকে মাতৃভাষা চর্চায় অধিকতর উৎসাহ জোগানোর জন্য শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও সর্বাধিক সংখ্যক ক্লাসে (কর্মদিবসে) উপস্থিতির জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থীগণকে কোর্স সমাপ্তিতে উপস্থিতি পুরস্কার প্রদান করা হয়। শিক্ষা কোর্সের নিয়মাবলি পালন সাপেক্ষে কোর্স সমাপ্তকারী ও কৃতকার্য শিক্ষার্থীগণকে সনদ প্রদান করা হয়।