06/09/2026
ক্যাম্বেলটাউন বাংলা স্কুলে বিশ্ব বাবা দিবস ও মারজানের ত্রয়োদশ জন্মদিন উদযাপনঃ
------------------------
পরিবার আমাদের আশ্রয়স্থল আর সেই আশ্রয়ের ছাতাটি যিনি বহন করেন তিনি বাবা। বাবা ও সন্তানের এই অবিচ্ছেদ্য সম্পর্ককে আরো দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করার লক্ষ্যে প্রতি বছরের মত এবারও বিশ্ব বাবা দিবস উপলক্ষ্যে ক্যাম্পবেলটাউন বাংলা স্কুল আজ ৬ই সেপ্টেম্বর রবিবার এক অনাড়ম্ভর অনুস্ঠানের আয়োজন করে। আজকের আয়োজনে মারজানের ত্রয়োদশ জন্মদিন অনুষ্ঠানকে এক ভিন্ন মাত্রা এনে দেয়। মারজান তার জন্মদিনের আনন্দ-উচ্ছ্বাস শিক্ষক, সহপাঠী সহ উপস্থিত সকলের সাথে ভাগ করে নেয়।
ক্যাম্পবেলটাউন বাংলা স্কুলের শিক্ষার্থীরা তাদের নিয়মিত পাঠ গ্রহন শেষে স্কুল আঙিনায় একত্রিত হয়। স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীদের বাবারাও এই বিশেষ দিনে আমন্ত্রিত হয়ে এসেছিলেন। সকল শিক্ষক, স্কুলের কার্যনির্বাহী কমিটি এবং ছাত্র-ছাত্রীরা মিলে মহা সমারোহে বাবা দিবস ও মারজানের জন্মদিনের কেক কেটে, ছবি তুলে, আনন্দ ভরে দিনটি উদযাপন করে।
অনুষ্ঠানে আগত সকলে তাদের জীবনে বাবার ভূমিকা ও অবস্থানের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা চোখের পানির ভালোবাসায় বাবা নামের একান্ত ভরসার স্থায়ী ঠিকানার প্রতি হৃদয় নিংড়ানো কৃতজ্ঞতা জানান।
প্রসঙ্গত উল্লেখ্য ক্যাম্বেলটাউন বাংলা স্কুল প্রতি রবিবার সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বাংলা ভাষাভাষীদের জন্য উন্মুক্ত থাকে।