31/10/2025
২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠাবে চীন
নিজস্ব প্রযুক্তিতে ২০৩০ সালের মধ্যে চাঁদে মহাকাশচারী অবতরণ করাতে চায় বর্তমান বিশ্বের উদীয়মান পরাশক্তি চীন। দেশটির মহাকাশ কর্মসূচির অন্যতম লক্ষ্য হিসেবে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা সফলভাবে এগিয়ে চলছে বলে জানানো হয়েছে। নতুন প্রজন্মের লং মার্চ–১০ রকেট এই প্রকল্পে ব্যবহৃত হবে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে চায়না ম্যানড স্পেস প্রোগ্রামের মুখপাত্র ঝাং জিংবো বলেছেন, মানুষকে চাঁদে পাঠানোর গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের প্রতিটি ধাপ বর্তমানে সফলভাবে এগোচ্ছে। আমাদের লক্ষ্য ২০৩০ সালের মধ্যেই চাঁদে মানুষ অবতরণ করানো। এ বিষয়ে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।
চীন বর্তমানে তাদের নিজস্ব মহাকাশ স্টেশন তিয়ানগং সম্পূর্ণ করার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এখানে স্টেশনের ক্রু সদস্যরা সাধারণত ছয় মাস মহাকাশে অবস্থান করে গবেষণা পরিচালনা করছেন। নতুন ক্রু দলটিতে থাকছেন ঝাং লু, উ ফেই ও ঝাং হংঝাং। তারা শুক্রবার (৩১ অক্টোবর) রাত ১১টা ৪৪ মিনিটে জিউকুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশযানে উঠবেন। এই অভিযানে নভোচারীরা চারটি ইঁদুরও সঙ্গে নিয়ে যাচ্ছেন। ইঁদুরের ওপর ওজনহীনতা ও সীমাবদ্ধ পরিবেশের প্রভাব নিয়ে গবেষণা করা হবে।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উদ্বেগের কারণে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে বাদ পড়ার পর নিজস্ব স্টেশন তৈরির কাজ শুরু করেছিল চীন। বর্তমানে তিয়ানগং স্টেশনকে ঘিরে দেশটির মহাকাশ গবেষণা পরিকল্পনা বিশ্বজুড়ে আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
21/10/2025
জাপানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন হলেন সানায়ে তাকাইচি। তিনি ২০২৫ সালের ২১ অক্টোবর জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেতে চলেছেন, কারণ তার দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এবং প্রধান বিরোধী দল জাপান ইনোভেশন পার্টি (জেআইপি) একটি জোট সরকার গঠন করেছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (২১ অক্টোবর) জাপানের পার্লামেন্ট দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে অতি-রক্ষণশীল সানায়ে তাকাইচিকে নির্বাচিত করে।
পাবলিক ব্রডকাস্টার এনএইচকে অনুসারে, ৪৬৫ আসনের নিম্নকক্ষে প্রথম দফার ভোটে তাকাইচি ২৩৭ ভোট পেয়েছেন, যাতে দ্বিতীয় দফার ভোটের প্রয়োজন পড়বে না।
ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি, জাপান ইনোভেশন পার্টির সাথে জোটবদ্ধ হয়ে এবং সপ্তাহান্তে জোট সরকার গঠনের জন্য একটি চুক্তি স্বাক্ষর করার পর তার জয় আসে।
তাকাইচি শিগেরু ইশিবার স্থলাভিষিক্ত হলেন। জুলাই মাসে নির্বাচনে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির শোচনীয় পরাজয়ের পর থেকে তিন মাসের রাজনৈতিক শূন্যতা এবং বিতর্কের অবসান ঘটিয়ে নির্বাচিত হলেন তিনি।
‘রাজনৈতিক স্থিতিশীলতা এই মুহূর্তে অপরিহার্য।’ স্থিতিশীলতা ছাড়া, আমরা একটি শক্তিশালী অর্থনীতি বা কূটনীতির জন্য পদক্ষেপ নিতে পারি না।’ সোমবার জেআইপি নেতা এবং ওসাকার গভর্নর হিরোফুমি ইয়োশিমুরার সাথে স্বাক্ষর অনুষ্ঠানে তাকাইচি বলেন।
এলডিপির কট্টরপন্থী শাখার সদস্য ৬৪ বছর বয়সী এই রক্ষণশীল ব্যক্তিত্ব জাপানের ‘আয়রন লেডি’ হিসেবে পরিচিত। তিনি সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের একজন ভক্ত।
রয়টার্স জানায়, এখন তিনি নির্বাচিত হওয়ায়, তার সামনে অনেক চ্যালেঞ্জ থাকবে। মন্দা অর্থনীতির সাথে লড়াই করা, মার্কিন-জাপানের কঠিন সম্পর্ককে মোকাবেলা করা এবং কেলেঙ্কারি এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত শাসক দলকে ঐক্যবদ্ধ করা।