27/05/2025
রবীন্দ্র - নজরুল স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান।।
আলি আসগার
" বিভেদের গাছ কেউ যদি পোতে টান মারো তার মূলে
দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র - নজরুলে।"
চারিদিকে যখন অস্থিরতার বাতাবরণ, মানুষে মানুষে বিভেদ তৈরি করার জন্য কিছু মানুষ অতি তৎপর, তখন ১১ জৈষ্ঠ্য বিদ্রোহী কবির জন্মদিন উপলক্ষে বীরভূম জেলার উত্তর প্রান্তিক ছোট্ট জনপদ রাজগ্রাম এল ইকরা একাডেমিতে সাম্য মৈত্রীর বাণী বাহক দুই দিকপাল কবি রবীন্দ্র - নজরুল স্মরণে সাংস্কৃতিক পশরা সাজিয়ে তাঁদের শ্রদ্ধা নিবেদন করলেন বিদ্যালয়ের কচি কাঁচা ছাত্র ছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও পরিচালকমণ্ডলী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালন কমিটির সদস্য মহ সামায়ুন খান, কুদ্দুস আলি, অভিলাষ রাজবংশী, ড. ফজলে মওলা, ডা আলি আসগার, গোলাম মর্তুজা প্রমুখ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহ সোহরাব হোসেন রবীন্দ্র - নজরুল জয়ন্তী পালনের তাৎপর্য ব্যাখ্যা করেন। বিদ্যালয়ের প্রথম শ্রেনী থেকে দশম শ্রেনীর ছাত্র ছাত্রীরা দুই কবির কবিতা, গান পরিবেশন করে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে। সামায়ুন খান আজকের সংকট মোচনে দুই যুগ কবির সাংস্কৃতিক অবদান স্মরণ করেন। কুদ্দুস আলি উদাত্ত কণ্ঠে দুই কবির গুরু - শিষ্য পরম্পরা উল্লেখ করে তাঁদের নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন। ফজলে মওলা রবীন্দ্র - নজরুল চর্চা জারি রাখার আহ্বান জানান। অভিলাষ রাজবংশী আল ইকরা একাডেমির এই সাংস্কৃতিক উদ্যোগ কে স্বাগত জানান। স্থানীয় সমাজসেবী মহ মাফিক বিদ্যালয় কর্তৃপক্ষ কে অভিনন্দন জানান।
অভিভাবকদের মধ্যে কোহিনূর বেগম রবীন্দ্র কবিতা আবৃত্তি করেন। আফরোজা বেগম ও নিরুপমা রায়চৌধুরী সঙ্গীত পরিবেশন করেন।
পরিশেষে অনুষ্ঠান সভাপতি ও সঞ্চালক ডা. আলি আসগার ছাত্র ছাত্রী থেকে শুরু করে শিক্ষক মন্ডলী, পরিচালন কমিটি, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্টানের সমাপ্তি ঘোষণা করেন।