25/02/2026
#রমযান ও #বদমেজাজি
সুচরিত্রবান মানুষ এমন একটি সুউচ্চ মর্যাদার অধিকারী, যার ফলে সে পরকালে মহানবী ﷺ-এর কাছাকাছি মর্যাদায় অবস্থান করতে পারবে। কিন্তু দুঃখের বিষয় যে, কিছু মানুষ আছে যাদের চরিত্র ও ব্যবহার - বিশেষ করে - রমযানে ক্ষিদের জ্বালায় খারাপ হয়ে যায়। দেখবেন, এমন মানুষ রূঢ় ও কঠোর-চিত্ত হয়ে বসে। সে চায় না যে, কেউ তার সাথে কথা বলুক অথবা সে কারো সাথে কথা বলুক। ঘরে, কর্মস্থলে অথবা পথে-ঘাটে কারো কোন প্রকার ভুল আচরণ সে সহ্য করতে পারে না। যার ফলে সে উগ্র প্রতিক্রিয়া ব্যক্ত করে। অথচ এই শ্রেণীর ব্যবহার একজন রোযাদারকে যে সুচরিত্রের হওয়া উচিত, তার পরিপন্থী। যে ব্যাপারে রসূল ﷺ রোযাদারকে উপদেশ দিয়ে বলেন, “রোযা ঢাল স্বরূপ। সুতরাং তোমাদের কারো রোযার দিন হলে সে যেন অশ্লীল না বকে ও ঝগড়া-হৈচৈ না করে; পরন্তু যদি তাকে কেউ গালাগালি করে অথবা তার সাথে লড়তে চায়, তবে সে যেন বলে, 'আমি রোযা রেখেছি, আমার রোযা আছে।” (বুখারী ১৯০৪, মুসলিম ১১৫১ নং)