11/12/2025
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কী কী বদল? পরীক্ষার আগে দেওয়া হবে ১০ মিনিট
দীর্ঘ সময় ধরে পরীক্ষার্থীদের অভিযোগ ছিল, বিশেষত হিসাবশাস্ত্র (Accountancy) ও অঙ্ক (Mathematics) পরীক্ষায় সময়াভাবে উত্তর লেখা অসম্পূর্ণ থেকে যাচ্ছিল। ছাত্রছাত্রীদের সেই দাবি মাথায় রেখে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) অতিরিক্ত ১০ মিনিট সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি চূড়ান্ত সেমিস্টারের খাতা-ব্যবস্থায় এসেছে কঠোর নতুন নিয়ম।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান — “প্রশ্ন পড়ে ভাবার জন্য এবং পরিকল্পনা করতে পড়ুয়াদের সুযোগ দিতে ১০ মিনিট আগে প্রশ্নপত্র দেওয়া হবে। এতে পরীক্ষার সময়ের কোনও পরিবর্তন হবে না।” কিন্তু এটিও যথেষ্ট কার্যকরী হবে বলে মনে করছে শিক্ষামহল।
উত্তরপত্রে ‘End of Line সিগনেচার’ বাধ্যতামূলক
চতুর্থ সেমেস্টারের উত্তরপত্রে নতুন নিয়ম হিসেবে চালু হচ্ছে ‘End of Line’। পরীক্ষার্থী যেখানে উত্তর লেখা শেষ করবে, সেই লাইনের একেবারে শেষে পরীক্ষক বা ইনভিজিলেটরকে সই করতে হবে।
বছর বছর আরটিআই (RTI) বা খাতা চ্যালেঞ্জে দেখা যায় অনেকে দাবি করেন, তাঁদের লেখা নাকি কম দেখা গেছে বা পাতা নষ্ট হয়েছে। এই জটিলতা দূর করতে সংসদের এই পদক্ষেপ।