26/03/2026
সড্যা উচ্চ বিদ্যালয়ের ৮৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি দুই পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে অনুষ্ঠিত হয় বার্ষিক শিক্ষাবিষয়ক পুরস্কার বিতরণী, ছাত্রছাত্রীদের পরিবেশিত শাস্ত্রীয় নৃত্য এবং তাদের উদ্যোগে আয়োজিত একটি বিজ্ঞান প্রদর্শনী। দ্বিতীয় পর্বে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে একটি গীতিনাট্যধর্মী সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়। এদিনের অন্যতম আকর্ষণ ছিল বিদ্যালয়ের চারটি হাউস এবং তাদের হাউস মাস্টার–মিস্ট্রেসদের সম্পূর্ণ ব্যবস্থাপনায় আয়োজিত খাদ্য উৎসব। দিনভর অনুষ্ঠান উপভোগ করতে উপস্থিত ছিলেন অভিভাবকবৃন্দ, বিশিষ্ট অতিথি এবং এলাকার বহু গুণীজন। সমগ্র আয়োজনটি শেষ হয় ‘থিয়েটার আলফা’ দলের পরিবেশিত “ফিটিং মাস্টার” নাটকের মাধ্যমে।
এই প্রতিষ্ঠা দিবস পালনের মূল উদ্দেশ্য কেবল আনন্দ উদ্যাপন নয়, বরং ছাত্রছাত্রীদের সৃজনশীলতা, জ্ঞানচর্চা ও সাংস্কৃতিক বিকাশের এক সম্মিলিত প্রকাশ ঘটানো।