11/03/2026
"বিরাম কাজেরই অঙ্গ এক সাথে গাঁথা,
নয়নের অংশ যেন নয়নের পাতা।"
'কিছু মানুষ বিদায় নিয়ে যায় না, তারা থেকে যায় স্মৃতির পাতায়।' - সুনীল গঙ্গোপাধ্যায়
আমাদের গৌর বাবু থেকে যাবেন স্যাডোক্যালিম্মার ঝুলন্ত পাপড়িতে, তিনি থেকে যাবেন মহিরুহু বটের ব্যথিত নীরবতায়, তিনি থেকে যাবেন পিয়ালের ডালে, তিনি থেকে যাবেন বিদ্যালয়ের মাড়িয়ে যাওয়া ধূলার রেণুতে, তিনি থেকে যাবেন বিদ্যালয়ের মর্ম-মুখর কলতানে, তিনি থেকে যাবেন অসংখ্য গুণমুগ্ধ ছাত্রের সরস হৃদয় স্পর্শে, তিনি থেকে যাবেন বিদ্যালয়ের শূন্য দেওয়াল পত্রিকায়, তিনি থেকে যাবেন আমাদের হৃদয়ের সঙ্গোপনে।
হে বন্ধু, হে সখা: 'যারা সত্যিই আপন, তাদের বিদায় কষ্ট দেয় না -- ভেতরটা ফাঁকা করে দেয়।'
যাকে ভালোবেসে গৌ-দা বলা যায়।
যাকে বকে দিলে নিরূত্তাপ ক্যাবলা হাসি প্রত্যাশা করা যায় যার।
যার ভুলে লুকিয়ে থাকে শিশুসুলভ সারল্য।
যাকে নির্ভয় পেছন থেকে জড়িয়ে ধরা যায়।
যাকে আবদার করলে বৌদির হাতের খাবার পাওয়া যায়; সেই বন্ধু, সেই শখা গৌর বাবুকে আমরা মিস করবো, ভালবাসবো, নিভৃতে অভাব বোধ করবো।
ভরা থাক স্মৃতিসুধায় বিদায়ের পাত্র খানি:
এই ৫ ফুট ২ ইঞ্চির ভদ্রলোকের হাতের লেখার শৈলী কী অনিন্দ্যসুন্দর। কী অসীম দক্ষতায়, চকের স্পর্শে রাঙিয়ে তুলছেন বোর্ডটিকে যা আর দেখা যাবেনা।
উনার ভাষার চয়ন, শব্দের বুনন, কথন শৈলী জ্ঞানের গভীরতাকে আরও অনন্যতা প্রদান করে।
ঈর্ষণীয় উনার মেরুদন্ড, হাজার স্তাবক বৃন্দের ভিড়ে সাদা কে সাদা বলার ক্ষমতা।
উনার খেলার জ্ঞান, যেকোনো খেলার শিক্ষকের চেয়ে কোনো অংশে কম নয়। এসমস্ত কিছুর সম্মেলন আমাদের শ্রদ্ধায় নত করে।
'ক্ষমা করো, ধৈর্য ধরো, / হউক সুন্দরতর / বিদায়ের ক্ষণ। / মৃত্যু নয়, ধ্বংস নয়, নহে বিচ্ছেদের ভয় / শুধু সমাপন।' :
সবেরই থাকে শেষ।
চাকুরী জীবনের ইতিতে যদি আমাদের কোন আচরণ ব্যথা দেয় আমাদের কর ক্ষমা বন্ধু।
যদি এরপরে কোনদিন পাই কোন কর্মজীবন তবে তুমি পাশে থেকো হয়ে মম সাথী। এই মোর আশ।
হে বন্ধু, বিদায়.....
আবার অভিভাবকহীন হলো এ বিদ্যালয়......
ওম সার্বে ভবন্তু শুখিনঃ
সর্বে সন্তু নিরাময়ঃ,
সর্বে ভদ্রাণি পশ্যন্তু,
মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ।
ওম শান্তিঃ ওম শান্তিঃ, ওম শান্তিঃ।।
পরম কারুণিক আপনার ভালো করুন, আপনাকে সুস্থ, নীরোগ ও দীর্ঘায়ু প্রদান করুন।