24/08/2023
কতোটা পথ পেরোলে তবে পথিক বলা যায়...
তন্ময় বন্দ্যোপাধ্যায়
' কৃশানু ' কথাটির অর্থ আগুন । আমরা চাই আমাদের বর্তমান ছাত্র ছাত্রীদের মধ্যে সেই গুপ্ত আগুনের স্ফূরন । সেই আগুন , মা দেশ ও দশের শৈত্যকে দূর করবে , সেই আগুন মা দেশ ও জাতির যাত্রাপথকে আলোকিত করবে , যেমনটি কৃশানু করেছে ।কৃশানুরা আমাদের অলঙ্কার -- আমাদের অহংকার । আমরা ছোটো ছোটো কৃশানুদের লালন পালন করি। আমার তাদের মহীরুহ হওয়ার স্বপ্ন দেখাই । তাদের সাফল্য আমাদের আবেগে সিক্ত করে । না , কোনো ইঁদুর দৌড়ের প্রতিযোগী নয় , লম্বা দৌড়ের ঘোড়ার সাফল্যে আমাদের চোখে জল আসে। উষ্ণতা খুঁজে পাই কৃশানুদের সাফল্যের শিখাতে । শিক্ষক জীবন ধন্য হয় যখন আবেগাপ্লুত কৃশানুরা বলে - " স্যার , আমার সাফল্যের ভিত্তি তো আমার স্কুল । প্রনাম জানাই আমার স্কুলের মাটি ( মা - টি) কে । " সারাদিন এক অদ্ভুত ঘোরের মধ্যে কাটাই যখন এক বিরাট সাফল্যের অংশীদার হয়েও কৃশানুরা ফোনের ওপার থেকে অশ্রু সিক্ত কন্ঠে বলে - "আমার প্রেরনা আমার স্কুলের অসংখ্য প্রাক্তনীরা। "
তাই , হে বন্ধু , হে শুভাকাঙ্ক্ষী -- দু - চার বছর মাধ্যমিক উচ্চমাধ্যমিকে প্রথম দশে না থাকলেও গেল গেল করে উঠবেন না । কৃশানুদের আগুনকে খাটো করবেন না । ওরা ফিনিক্স পাখি - বার বার ফিরে আসবে । কমলপুর নেতাজী উচ্চ বিদ্যালয় তাদের আলোতে উজ্জ্বলতর হবে । একজন চন্দ্র বিজয়ী কৃশানু পথ দেখাবে হাজার হাজার কৃশানুকে । আর আমরা ছোটো ছোটো কৃশানুদের বলব , " আয় খোকা ,আয় খুকি - আয় বুকে
চুমো খাই চাঁদ মুখে ।"