26/09/2026
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৭তম জন্মজয়ন্তী উদযাপন-২০২৬
নবজাগরণের অন্যতম অগ্রদূত ও জনশিক্ষার দিশারী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৭ তম জন্মজয়ন্তী আজ ২৬শে সেপ্টেম্বর, ২০২৬, শনিবার সহজপাঠে উদযাপিত হল।
প্রতি বছরের মতো এই বছরেও আমরা ২৬শে সেপ্টেম্বর আধুনিক শিক্ষার দিশারী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছি। নারীশিক্ষা ও জনশিক্ষার প্রসারে বিদ্যাসাগরের অবদান চিরস্মরণীয়। তাঁর আদর্শকে পাথেয় করে, সেই অনুষ্ঠানে আমাদের অঞ্চলের কৃতি ছাত্রছাত্রীদের বিশেষ সম্মাননা জ্ঞাপন করা হয়।
আজকের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ সচেতক শ্রদ্ধেয় ভাস্কর সুর মহাশয় এবং আদর্শ শিক্ষক শ্রদ্ধেয় গঙ্গাধর পাল মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন সহজপাঠ বিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্যগণ।
সহজপাঠ বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধিত করা হয়। সংবর্ধিত হন এমন দুইজন ছাত্রী যারা কালনা ব্লকের গ্রামীণ অঞ্চলে মেয়েদের মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বাধিক নম্বর অর্জন করেছেন। মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর অর্জন করেছেন অঙ্কনা ঘোষ। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর অর্জন করেছেন রিনি ঘোষ। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সহজপাঠ। সহজপাঠের কৃতি ছাত্রছাত্রীদের সঙ্গে তাদের দু’জনকে ফুল, স্মারক, বই, মিষ্টি ও অন্যান্য উপহার দিয়ে বর্তমান ছাত্রছাত্রীদের সমক্ষে প্রশংসা করা হয় এবং সসম্মান অভ্যর্থনা জানানো হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ, নাটক ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়। গুণীজনেরা একদিকে যেমন বিদ্যাসাগর মহাশয়ের কর্মকাণ্ড, আজকের দিনে তাঁর প্রাসঙ্গিকতার কথা তুলে ধরেন, অন্যদিকে বিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রীরা বিদ্যাসাগর মহাশয়ের জীবনী, তাঁর জীবনধারা থেকে নব প্রজন্মের শিক্ষার দিকগুলিতে আলোকপাত করে।
অনুষ্ঠানে বর্তমান ছাত্রছাত্রীদের মধ্যে যারা রাজ্যস্তরে 'ট্যালেন্ট সার্চ' প্রতিযোগিতায় সাফল্যের কারণে পুরস্কার লাভ করেছেন, সেই সকল পুরস্কার তাদের হাতে তুলে দেওয়া হয়। পুরস্কারগুলি সফল ছাত্রছাত্রীদের হাতে তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকগণ।
#সহজপাঠ