04/10/2026
শোকবার্তা!
অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, প্রাক্তন কার্যকরী কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবী, জ্ঞানী ও প্রাজ্ঞ ব্যক্তিত্ব শ্রদ্ধেয় সুনীল কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয় আজ ( ৪ঠা অক্টোবর ২০২৬) ভোর ৩টা ২৫ মিনিটে পরলোকগমন করেছেন।
তাঁর প্রয়াণে আমাদের বিদ্যালয় এক অত্যন্ত শ্রদ্ধেয়, অভিজ্ঞ ও প্রাজ্ঞ অভিভাবকসুলভ ব্যক্তিত্বকে হারাল। তিনি শুধু একজন আদর্শ শিক্ষকই ছিলেন না, তাঁর অসাধারণ বিচক্ষণতা, কর্মদক্ষতা, প্রশাসনিক প্রজ্ঞা এবং আইন সম্পর্কে গভীর জ্ঞান তাঁকে সকলের কাছে এক অনন্য মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছিল। বিদ্যালয়ের উন্নতি ও কল্যাণের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক এবং তাঁর মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা আমাদের সকলের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তাঁর জ্ঞান, ব্যক্তিত্ব, কর্মনিষ্ঠা এবং সমাজের প্রতি তাঁর দায়বদ্ধতা আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর প্রয়াণে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ এবং সকল ছাত্রছাত্রী গভীরভাবে শোকাহত ও মর্মাহত।
পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি, তিনি যেন প্রয়াত আত্মার চিরশান্তি প্রদান করেন এবং তাঁকে অমৃতলোকে স্থান দেন। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি জানাই আমাদের আন্তরিক সমবেদনা। এই গভীর শোকের সময় তাঁদের শোক সহ্য করার শক্তি ও মানসিক দৃঢ়তা দান করুন—এই প্রার্থনাই করি।
শ্রদ্ধেয় সুনীল কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয়ের পবিত্র স্মৃতির প্রতি জানাই আমাদের গভীর শ্রদ্ধা ও অশেষ প্রণাম।
-শিক্ষক-শিক্ষিকা শিক্ষা কর্মীবৃন্দ ও বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীবৃন্দ।
ঘোষপুর ইউনিয়ন নেতাজী বিদ্যাপীঠ