08/12/2025
আমাদের পররাষ্ট্র উপদেষ্টা দেখলাম শিক্ষকদের বেতন নিয়ে কথা বলছেন। তিনি বললেন উনি যখন ক্লাস ওয়ান/টু তে পড়েন তখন প্রাইমারি স্কুলের শিক্ষকদের বেতন ছিল ২৮ থেকে ৩২ টাকা। আমি জানিনা উনি কি শায়েস্তা খানের আমলে জন্মেছিলেন কিনা।
উনি খুব গর্ব করে বলছিলেন তখন বেতন এত কম পেয়েও উনাদের নাকি অনেক ডেডিকেশন ছিল। সেই তুলনায় প্রাইমারি স্কুলের শিক্ষকদের বেতন নাকি অ-নে-ক বেশি। কিন্তু সেই তুলনায় নাকি ডেডিকেশন নাই।
আমি জানিনা শিক্ষকদের বেতনের কথা আসলেই কেন আমলারা সহ অনেকেই এই তুলনায় চলে যান। তখনকার শিক্ষকরা কম বেতন পেয়েও তাদের ডেডিকেশনে উনি মুগ্ধ ছিলেন।
উনার কাছে আমার প্রশ্ন: আপনি কি জানেন খোদ এই দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের প্রাইমারি শিক্ষকদের বেতন সবচেয়ে কম? অথচ বাংলাদেশে জীবনযাত্রার ব্যয় দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি।
উনি কি জানেন উনি যখন ওয়ান বা টুতে পড়তেন তখন শিক্ষকতা পেশায় তারাই আসতো যারা বাপের টাকায় চলতো আর নিজের বাড়িতে থেকে মাস্টারি করতো। আর না হলে ছেড়া লুঙ্গি ধুতি ও জামা পড়তো। এতটাই অবলা ছিল নিজের চাহিদা নিয়ে কোন আক্ষেপ ছিল না। কোন রকমে জীবন পার করতো।
এরা যে খুব মেধাবী মানসম্মত শিক্ষক ছিল তেমন না। কিন্তু হ্যা অবলা বোকা হওয়ায় ডেডিকেশন ছিল। বাংলাদেশ তথা পৃথিবী কি এখন সেই জায়গায় আছে?
আপনি যখন ক্লাস ওয়ান/টু তে পড়তেন তখন এন্ট্রি লেভেলের একজন আমলার বেতন কত ছিল? তখনও কিন্তু আমলারা সৎ, যোগ্য এবং ডেডিকেশন ছিল। টেনেটুনে জীবন চালাতেন।
সেই তুলনায় আপনাদের এখন বেতন কত বেড়েছে? বেতন বাদ দেন। সুযোগ সুবিধা কত বেড়েছে? কিন্তু আপনাদের ডেডিকেশন কি বেড়েছে? এই দেশের যতরকম খারাপ কাজ আছে আপনারাই করেন।
আপনারা দূতাবাসে কাজ করে প্রবাসীদের কোন সার্ভিস দেন? আর প্রশাসনের আমলাদের কথা এখানে নাইবা বললাম। শিক্ষকদের বেতনের কথা বললে গরম তেলে পানি ছিটালে যেমন হয় তেমন করে তেড়ে উঠেন কেন?
দুনিয়ার সবচেয়ে কম বেতন দিয়ে সবচেয়ে বেশি খাটান শিক্ষকদের। প্রাইমারি শিক্ষকরা যখন আন্দোলন করতে ঢাকায় আসেন তাদের কাপড় চোপড় বেশ ভুষা দেখেছেন?
দেখলেই বোঝা যায় একটা জরাজীর্ণ জীবন যাপন করে এই শিক্ষকরা। কি অন্য শ্রেণীর মানুষেরা যখন বেতন ও নানা সুবিধার দাবি জানায় তখনতো এইসব পাকনা কথা বলেন না?
লেখকঃ জনাব কামরুল হাসান মামুন,অধ্যাপক,ঢাকা বিশ্ববিদ্যালয়