21/11/2025
জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু রাইয়ানের মৃত্যুতে কুসুম কলিতে শোকের ছায়া
জকিগঞ্জের খবর ডেস্ক : সিলেটের জকিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সুপারি ব্যবসায়ী মোঃ আব্দুস সালাম ও সজনা বেগম দম্পতির সন্তান মোঃ রাইয়ান হোসেন (৭)। সে কুসুম কলি কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। নিষ্পাপ এই শিশুটি একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়।
জানা যায়, ১০ নভেম্বর সোমবার বিকেল আনুমানিক ২টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের ভরণ বাজার সংলগ্ন মুমিনপুর গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাইয়ান হঠাৎ রাস্তায় উঠে পড়লে দ্রুতগামী একটি ব্যাটারিচালিত টমটম তাকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এই হৃদয়বিদারক মৃত্যুর খবরে পরিবার ও বিদ্যালয়জুড়ে নেমে আসে গভীর শোক। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে কুসুম কলি কিন্ডারগার্টেনের হলরুমে রাইয়ানের স্মরণে এক শোকসভা আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি ও জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়েদ আহমদ। সঞ্চালনা করেন কুসুম কলি কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল মোঃ আব্দুল হামিদ লাল।
বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক আব্দুস সাত্তার মানিক, ইলাবাজ মধ্য জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুর রহমান, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, সহকারী শিক্ষক রাশেদা আক্তার কলি প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আবিদা সুলতানা, সোহানা আক্তার, সুলতানা আক্তার, হোসনে আরা এবং অভিভাবকগণ।
শোকসভায় বক্তারা বলেন, রাইয়ানের মতো একটি নিষ্পাপ শিশুর এমন মৃত্যু হৃদয় ভেঙে দেয়। তার স্মৃতি শিক্ষক, সহপাঠী ও পরিবারের মাঝে চিরকাল অম্লান হয়ে থাকবে। সভায় উপস্থিত সবাই কান্নায় ভেঙে পড়েন।
পরবর্তীতে মাওলানা আব্দুর রহমান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এবং রাইয়ানের রুহের মাগফিরাত কামনা করেন। শেষে শিরনি বিতরণের মাধ্যমে শোকসভা শেষ হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও উপস্থিত সকলে রাইয়ানের পরিবারকে গভীর সমবেদনা জানান এবং এমন দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সে বিষয়ে সকলকে সচেতন থাকার আহ্বান জানান।