18/04/2026
● মা বাবার যেসব আচরণ একজন সন্তানের ভবিষ্যৎ শুরুতেই নষ্ট করে দেয়!!
১. তাকে সবার সামনে ছোট করে কথা বলবেন। সবার সামনে তার সমালোচনা করবেন। কারণ, সে সবার সমালোচনা সহ্য করতে পারলেও একজন বাবার সমালোচনা কখনও সহ্য করতে পারবে না। অন্য কেউ হলে তো প্রতিবাদ করত; কিন্তু বাবাকে কিছু বলতেও পারবে না, সহ্যও করতে পারবে না। ফলে নিজের ওপর প্রতিশোধ নেবে।
২. তার খাবার নিয়ে তাকে খোঁটা দিন, ‘আমি খাওয়াই, আমি পরাই, কিন্তু তুই অথর্ব। বসে বসে খাস। ৫০০ টাকা ইনকাম করে দেখা৷ আমারটা খাস, তাই বাস্তবতা বুঝিস না।’ এ টাইপের কথা বলুন। সে হীনমন্য হয়ে নষ্ট হয়ে যাবে।
৩. আপনার সন্তানকে সব সময় ভয়ের ওপরে রাখুন। ২৪ ঘণ্টা শাসনের ওপর রাখুন। তাকে রোবট বানানোর চেষ্টা করুন। যেহেতু সে মানুষ, রোবট নয়, তাই সে আপনাকে কখনও খুশি করতে পারবে না। ফলে হাল ছেড়ে দিয়ে নষ্ট হয়ে যাবে।
৪. আপনার সন্তানকে মাঝে মাঝে জুতা খুলে পেটান। আর আঞ্চলিক গালিগালাজ যা জানেন, সব তার ওপর ছাড়ুন। সে এগুলো শিখে শিখে নষ্ট হবে একদিন।
৫. আপনার সন্তানকে সব সময় সন্দেহের চোখে দেখুন। সে যা-ই বলুক, তার অন্য একটি অর্থ বের করার চেষ্টা করুন।
৬. আপনার সন্তানের নামে বাজে বাজে কথা আপনার বন্ধু ও পাড়া-প্রতিবেশীকে বলুন। তারা আবার এসব তাকে গিয়ে বলবে, ‘তোমার বাবা তোমার ব্যাপারে এটা-ওটা বলেছে।’ সে ভাববে, আমার বাবাই যেহেতু আমাকে খারাপ ভাবে, আমাকে ভালো মনে করবে কে? সুতরাং খারাপই হয়ে যাই৷
৭. আপনার সন্তানকে ফেরেশতা বানানোর চেষ্টা করুন। নিজে হারাম আয় করুন, কিন্তু তাকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়তে বলুন। সে দেখছে এক, করতে হচ্ছে আরেক, যা সে করতে পারবে না। ফলে আপনার শত্রু হবে, নষ্ট হবে একদিন।
৮. আপনার সন্তানকে কথা দিয়ে বারবার ভঙ্গ করুন। তাকে বলুন, ‘তিন মাস তুমি এভাবে চললে তোমাকে এটা দেব।’ তিন মাস পর একটা খুঁত বের করে বলুন, ‘তুমি তো এটা এটা পারনি, তাই তোমাকে যা দেব বলেছিলাম পাবে না।’ ফলে আপনার ওপর তার বিশ্বাস উঠে যাবে৷ ফলে সে নষ্ট হবে।
৯. আপনার সন্তানকে সব সময় টাকার লোভ দেখান। ভালো ব্যবহারের পরিবর্তে তাকে টাকা দিয়ে কেনার চেষ্টা করুন। মনে মনে ভাবুন, সে লোভী।
১০. আপনার সন্তানকে সব সময় নিজের শৈশবের কষ্টের কথা বলুন আর সে কত সৌভাগ্যবান, তা তাকে বারবার মনে করিয়ে দিন। আপনার শৈশবের কষ্টের ঝাল তার ওপর মেটান। আপনি কেন ছোটবেলায় অনেক কিছু পাননি, তাই সামর্থ্য থাকা সত্ত্বেও তাকে কিছু দেবেন না, তার শখ পূরও করতে দেবেন না। সে নষ্ট হবেই।
১১. তাকে অতিরিক্ত ভালোবাসা দেখাবেন না। কখনও বুকে জড়িয়ে নেবেন না৷ কপালে চুমু খাবেন না। কারণ, সে প্রশ্রয় পেতে পারে। সে ভালো কিছু করলে উৎসাহ দেবেন না, সাহস দেবেন না; বরং সব সময় ভয় দেখাবেন। বলবেন, ‘এটা করা যাবে না, ওটা করা যাবে না, ব্যর্থ হবে। তুমি পারবে না।’ ব্যস, তার আত্মবিশ্বাস নষ্ট হবে।
০০. একটা সন্তান নষ্ট হতে সময় লাগে না৷ শুধু একজন ভুল বাবা-মা'ই যথেষ্ট। আপনি কি আপনার সন্তানের আত্মা গড়ছেন নাকি ধ্বংস করছেন, চোখ বুজে নিরিবিলি একটিবার ভেবে দেখুন!