16/09/2025
সম্ভাবনাকে কাজে লাগাই
প্রতিটি ভোরের সূর্যোদয় আমাদের সামনে অবারিত সম্ভাবনার দ্বার উন্মোচন করে। সময়ের বুকে প্রতিটি দিন যেন এক একটি অপ্রকাশিত পাণ্ডুলিপি, যেখানে কলমের প্রথম আঁচড় আমাদের হাতে। কিন্তু দুঃখজনক হলেও সত্য—আমরা অনেকেই সেই কলমের কালি অপচয় করি অযথা দোদুল্যমানতায়, সিদ্ধান্তহীনতায় অথবা আত্মপ্রবঞ্চনায়।
সফলতা কোনো দৈবপ্রাপ্তি নয়। এটি এক সুদীর্ঘ সাধনার ফল, যেখানে অধ্যবসায়, শ্রম, এবং সময়ের সুনিপুণ বিনিয়োগ মিলেমিশে গড়ে তোলে মহৎ প্রাপ্তির শিখর। জীবনের প্রতিটি সফল মানুষই একদিন শূন্য থেকে শুরু করেছিলেন; পার্থক্য শুধু এই—তারা তাঁদের সম্ভাবনাকে অবহেলা করেননি, বরং পরিকল্পনা ও প্রয়াসকে শক্তিশালী বাহন হিসেবে ব্যবহার করেছেন।
স্বল্পমেয়াদি অর্জন হয়তো অস্থায়ী সুখ দেয়, কিন্তু দীর্ঘমেয়াদি সাফল্য গড়ে উঠে সুসংহত পরিকল্পনা, শৃঙ্খলাপূর্ণ প্রচেষ্টা এবং অবিচল ধৈর্যের ওপর। লক্ষ্যহীন পথচলা যতই সহজ মনে হোক না কেন, তা মানুষকে শেষ পর্যন্ত ঘূর্ণায়মান বৃত্তে আবদ্ধ করে। অপরদিকে, সুস্পষ্ট লক্ষ্য, যৌক্তিক পরিকল্পনা ও দৃঢ় প্রত্যয় মানুষকে উন্নতির শিখরে নিয়ে যায়, যেখানে জীবনের আসল অর্থ ও তাৎপর্য উপলব্ধি করা যায়।
সত্যিকার অর্থে, ভাগ্য আমাদের জীবননাট্যের কেবল এক ক্ষুদ্র অংশের পরিচালক। ভাগ্য কখনো কখনো প্রতিবন্ধকতা সৃষ্টি করলেও নিরলস সাধনা ও অনমনীয় সংকল্পই ভাগ্যকে বশ মানাতে পারে। ইতিহাস সাক্ষী—যারা বাধা ভেঙে এগিয়েছেন, তারাই মানবতার দৃষ্টান্ত হয়েছেন।
অতএব, আসুন আমরা আর বিলম্ব না করি। নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করি, ব্যর্থতাকে শিক্ষক হিসেবে গ্রহণ করি, এবং প্রত্যেকটি দিনকে কাজে লাগাই নতুন সম্ভাবনার চাবিকাঠি হিসেবে। পৃথিবী তাদেরই জন্য, যারা হাত গুটিয়ে বসে থাকে না; যারা পদক্ষেপ নেয়, প্রতিটি ভোরকে নিজের করে নেয়, এবং আত্মবিশ্বাসী পদযাত্রায় সফলতার সোপান নির্মাণ করে।
সম্ভাবনাকে কাজে লাগাই—
দৃঢ় পদক্ষেপে, অনমনীয় সংকল্পে,
যাতে সফলতা এসে শিরোমণি হয়ে বসে আমাদের পদযুগলে।
✍️ লায়ন আলমগীর কবির
🗓️ ১৬ সেপ্টেম্বর-২০২৫ খ্রিস্টাব্দ
📍 সাভার, ঢাকা।
📖 [পান্ডুলিপি সংরক্ষিত]