06/11/2025
রাজশাহী বিভাগীয় বই মেলা ২০২৫-এ i-READ Club এর ভিন্নধর্মী কার্যক্রম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবগঠিত i-READ Club "রাজশাহী বিভাগীয় বই মেলা ২০২৫"- এ পাঠপ্রেমীদের জন্য আয়োজন করেছে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ। ক্লাবটি Librarian Voice, জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক কেন্দ্র, এবং শহীদ মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ পাঠাগার–এর সহযোগিতায় বইমেলায় “জননীর জ্ঞান ভুবন” নামক বইয়ের দোকানে এই কার্যক্রম পরিচালনা করছে।
পাঠকদের বইমেলার প্রতি অনুপ্রাণিত ও উজ্জীবিত করতে i-READ Club প্রতিটি বই ক্রেতাকে উপহার দিচ্ছে একটি করে আকর্ষণীয় বুকমার্ক, সম্পূর্ণ বিনামূল্যে। এতে পাঠকদের বই কেনার আগ্রহ যেমন বাড়ছে, তেমনি তারা বুকমার্ক ব্যবহারের উপকারিতা সম্পর্কেও জানতে পারছে।
তাছাড়া, ক্লাবটি বইমেলায় স্থাপন করেছে একটি বিশেষ “বই বন্ধু চিঠিঘর”। এখানে পাঠকেরা তাদের প্রিয় বইয়ের নাম, স্মরণীয় উক্তি, কিংবা মন ছুঁয়ে যাওয়া লেখাগুলো ছোট্ট এক চিরকুটে লিখে রাখতে পারেন। সাথে নিজের নাম ও মোবাইল নম্বর সংযুক্ত করার সুযোগও রয়েছে।
বইমেলার সমাপনী দিনে, এই চিঠিঘর থেকে লটারির মাধ্যমে নির্বাচিত তিনজন সৌভাগ্যবান পাঠককে প্রদান করা হবে আকর্ষণীয় পুরস্কার।
এছাড়াও, বই পড়ার বিভিন্ন উপকারিতা, পাঠাভ্যাস গড়ে তোলার কৌশল, এবং i-READ Club-এর লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে পাঠকদের সঙ্গে আলোচনা করা হয়।
৩১ অক্টোবর শুরু হওয়া এই মেলা চলবে ৮ নভেম্বর পর্যন্ত।
বইমেলায় অংশগ্রহণকারী অনেকেই মতামত দিয়েছেন যে, i-READ Club-এর এই ব্যতিক্রমধর্মী ও সৃজনশীল আয়োজন বইমেলায় আগে কখনো দেখা যায়নি। সবাই এই উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ ও প্রশংসা জানিয়েছেন।