05/12/2025
রুয়েট ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগামী ২ ডিসেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হয়ে চলবে ১৩ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। বুধবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২০২৫–কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
২০২৫–২৬ শিক্ষাবর্ষে রুয়েটের বি.এসসি. ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বি.আর্ক প্রোগ্রামে ভর্তি হতে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। পুরকৌশল, তড়িৎ ও কম্পিউটার কৌশল এবং যন্ত্রকৌশল অনুষদের অধীনে মোট ১৪টি বিভাগে ১,২৩৫টি আসনে (সংরক্ষিত আসনসহ) ভর্তির জন্য শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
উক্ত শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা MCQ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং OMR শীটে উত্তর প্রদান করতে হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ‘ক’ ও ‘খ’ উভয় গ্রুপের জন্য সর্বমোট ৪০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ‘খ’ গ্রুপের ভর্তিচ্ছু প্রার্থীদের অতিরিক্ত ২০০ নম্বরের মুক্তহস্ত অঙ্কন (Freehand Drawing) এবং দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি (Visual Spatial Intelligence) পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষায় উচ্চতর গণিত, পদার্থবিদ্যা ও রসায়ন প্রতিটি বিষয়ে ১২০ নম্বর এবং ইংরেজি বিষয়ে ৪০ নম্বরের প্রশ্ন থাকবে। লিখিত পরীক্ষার জন্য ২ ঘণ্টা ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে।
আবেদনকারী শিক্ষার্থীদের মধ্যে আবেদন যাচাই করে তিন বিষয়ে প্রাপ্ত গ্রেড পয়েন্টের ভিত্তিতে একটি মেধাক্রম তৈরি করা হবে। সেখান থেকে প্রথম ১৯,০০০ (উনিশ হাজার) জন প্রার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আবেদনের যোগ্যতা:
(ক) প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে।
(খ) মাধ্যমিক বা সমমানের পরীক্ষা: বাংলাদেশের যে কোনো শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড থেকে ২০২২ খ্রি. অথবা ২০২৩ খ্রি. এর মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪.০০ (চার) অথবা সমতুল্য গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে।
(গ) উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা: বাংলাদেশের যে কোনো শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড থেকে ২০২৫ খ্রি. এর উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উচ্চতর গণিত, পদার্থবিদ্যা ও রসায়ন এই তিন বিষয়ে মোট ন্যূনতম জিপিএ ১৪.০০ (চৌদ্দ) পেতে হবে।
(ঘ) প্রার্থী GCE ‘O’ লেভেল এবং ‘A’ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ হলে তার ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য GCE ‘O’ লেভেল পরীক্ষায় কমপক্ষে পাঁচটি (গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজি–সহ) বিষয়ে ন্যূনতম ‘B’ গ্রেড পেতে হবে। GCE ‘A’ লেভেল পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা ও রসায়নে পৃথকভাবে ন্যূনতম ‘B’ গ্রেড পেতে হবে। উল্লেখ্য, প্রার্থীকে ২০২৪ খ্রি. এর নভেম্বর বা তার পরে ‘A’ লেভেল সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে।
প্রথমবারের মতো ভর্তি পরীক্ষাকেন্দ্র হিসেবে রুয়েটের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কে যুক্ত করা হয়েছে। ফলে ঢাকাসহ নিকটবর্তী এলাকার শিক্ষার্থীরা বুয়েটেই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তবে আর্কিটেকচার বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের “খ” গ্রুপের পরীক্ষা শুধুমাত্র রুয়েট কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
রুয়েটের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হবে ৬ জানুয়ারি ২০২৬ বিকাল ৫টায়। এরপর ১০ জানুয়ারি ২০২৬ বিকাল ৫টা থেকে প্রার্থীরা অনলাইনে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। একযোগে ‘ক’ ও ‘খ’ গ্রুপের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২২ জানুয়ারি ২০২৬; যেখানে সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত MCQ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ‘খ’ গ্রুপের জন্য ১২টা ১৫ মিনিট থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত মুক্তহস্ত অঙ্কন ও দৃষ্টিগত–স্থানিক ধীশক্তি পরীক্ষা গ্রহণ করা হবে। ভর্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ ফেব্রুয়ারি ২০২৬।