22/05/2025
~~ আবহাওয়ার পরিস্থিতি ও পূর্বাভাস- বিশেষ ইস্যুঃ নিম্নচাপ/ঘুর্নিঝড় #১ ~~
স্যাটেলাইট ইমেজ ও আবহাওয়ার বিভিন্ন তথ্য-উপাত্ত পর্যবেক্ষন ও বিশ্লেষন করে যা বুঝা যাচ্ছে তা হলো, আগামী ২৮ মে থেকে ৩ জুন ২০২৫ এর মধ্যে উত্তর বঙ্গোপোসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি নিম্নচাপ বা ঘুর্নিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি নিম্নচাপ বা ঘুর্নিঝড় সৃষ্টি হয় তবে এর সম্ভাব্য গতিপথ হতে পারে বাংলাদেশের বরিশাল, খুলনা হয়ে রাজশাহী বরাবর ।
গত ২০ মে থেকে সারা বাংলাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাওয়ার পূর্বভাস দিয়েছি। আগামী ২৮ মে থেকে ৩ জুন ২০২৫ এর মধ্যে সারা বাংলাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বিশেষ করে খুলনা, রাজশাহী, বরিশাল, চট্রগ্রাম ও ঢাকা বিভাগের জেলাসমূহে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের প্রবণতা আরো বেশী হতে পারে।
যেহেতু বৃষ্টিপাতের প্রবণতা বাড়ছে তাই বাংলাদেশর উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিন-পুর্বাঞ্চলের নদ-নদীর বিভিন্ন এলাকায় বন্যা ও জলাবদ্ধা সৃষ্টি হতে পারে। তাই আগাম প্রস্তুতি নিয়ে রাখা জরুরী।
বঙ্গোপসাগরে পুরো সিস্টেম নিয়মিত পর্যবেক্ষন করা হচ্ছে। নিয়মিত আপডেট জানানোর চেষ্টা করবো।
----
মিঠুন কুমার
২২/০৫/২০২৫ ইং
08/05/2025
~~আবহাওয়ার পূর্বাভাস- বিশেষ ইস্যুঃ নিম্নচাপ/ঘুর্নিঝড় , বন্যা ~~
~~আবহাওয়ার পূর্বাভাস- বিশেষ ইস্যুঃ নিম্নচাপ/ঘুর্নিঝড় #২, বন্যা #১~~
আগামী ১৪ মে থেকে ২০ মে এর মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিন-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপ/ঘুর্নিঝড় সৃষ্টি হতে পারে।
এই সময়ের মধ্যে সারা বাংলাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আগামী ১২ মে থেকে ২২ মে এর মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের জেলাসমূহে এবং ভারতের উত্তর-পুর্বাঞ্চলের রাজ্যসমূহে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের উত্তর-পুর্বাঞ্চল ও ভারতের উত্তর-পুর্বাঞ্চলের রাজ্যসমূহে ভারি বৃষ্টির ফলে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের জেলসমূহের কোথাও কোথাও আকস্মিক বন্যা সংঘটিত হতে পারে। আগাম প্রস্তুতি নিয়ে রাখা ভালো । বিশেষ করে হাওড় অঞ্চলে বোরো ধানের ব্যাপারে কৃষকদের সচেতন থাকা জরুরী।
আগামী ১৪ মে থেকে ২৭ মে এর মধ্যে চট্রগ্রাম বিভাগ এবং এর উত্তর ও পূর্বে ভারতের রাজ্যগুলোতে অতিভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতিবৃষ্টির ফলে চট্রগ্রামের জেলাসমূহের বিভিন্ন এলাকায় বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এছাড়া পার্বত্য চট্রগ্রামের জেলাসমূহে ভূমিধ্বস হতে পারে। বন্যা, জলাবদ্ধতা ও ভূমিধ্বসে সৃষ্ট ক্ষয়ক্ষতি এড়াতে স্থানীয়ভাবে চট্রগ্রামে আগাম প্রস্তুতি নিয়ে সতর্ক ও সচেতন থাকা জরুরী।
[বি.দ্র. আবাহাওয়ার বিভিন্ন নিয়মাক পরিবর্তনশীল । এইসময়ের মধ্যে বিভিন্ন দিনের আপডেট তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও পূর্বাভাস কমেন্ট সেকশনে দেওয়ার চেষ্টা করবো । ]
----
মিঠুন কুমার
০৮/০৫/২০২৫ ইং
25/04/2025
~~ আবহাওয়ার পূর্বাভাস ~~
আগামী ২৭/০৪/২০২৫ ইং থেকে ৩০/০৪/২০২৫ ইং এর মধ্যে সারাদেশের সকল বিভাগের জেলাসমূহের অধিকাংশ এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি বৃষ্টি হতে পারে। এসব এলাকার কোথাও কোথাও বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামী ৬ মে থেকে ১১ মে ২০২৫ পর্যন্ত সিলেট ও ময়মনসিংহ বিভাগের জেলাসমূহের অধিকাংশ এলাকায় এবং ভারতের উত্তর-পুর্বের রাজ্যগুলোতে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে ভারি বৃষ্টিতে বৃষ্টির জলের আকস্মিক ঢল নেমে সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা ঘটাতে পারে । এখন বোরো ধান কাটার মৌসুম শুরু হয়েছে । ভারি বৃষ্টি ও আকস্মিক বন্যায় যাতে ধানের ক্ষতি না হয় তার জন্য সিলেট ও ময়মনসিংহ বিভাগ তথা বাংলাদেশের উত্তর -পূর্বাঞ্চলের জেলাসমূহের কৃষকদের সেই প্রস্তুতি নেওয়া জরুরী ।
[বি.দ্র. এইসময়ের মধ্যে বিভিন্ন দিনের আপডেট বিশ্লেষণ ও পূর্বাভাস কমেন্ট সেকশনে দেওয়ার চেষ্টা করবো । ]
----
মিঠুন কুমার
২৫/০৪/২০২৫ ইং
20/04/2025
বাংলাদেশে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা পেতে সাধারণ জনগণকে অসাধূশ্রেনীর কিছু লোকজন হিমিশিম খাওয়ায়। এই শ্রেনীর লোকজন সাধারণ লোকজনের কাছে থেকে অনেক টাকা হাতিয়ে নেয়। গ্রামের সাধারণ কৃষক থেকে শুরু করে অনেক জমিজমা আছে কিন্তু শিক্ষা এবং জানাশোনা কম আছে এমন লোকেরাও এই অসাধুশ্রেনীর লোকজনের কাছে অনেক টাকা নষ্ট করে। গ্রামের অনেক মানুষ আছে যারা জমির কাগজপত্র বুঝে না কিংবা কোথায় যেতে হবে, কি করতে হবে সেগুলো না বুঝার কারনে অসাধু শ্রেনীর লোকজন এই সুযোগ কাজে লাগিয়ে অনেক টাকাপয়সা হাতিয়ে নেয়।
ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বেশ দরকারি অনেক তথ্য দেওয়া আছে, প্রয়োজনীয় বিভিন্ন ফরম দেওয়া আছে । সেগুলো কেউ চাইলেই ভালোভাবে ব্যবহার করতে পারেন। বলা যায় এখন ঘরে ঘরে শিক্ষিত কেউ না কেউ আছে এবং স্মার্টফোন প্রতি বাড়িতেই আছে। তাই ওয়েবসাইট থেকে আগে তথ্য নিয়ে প্রাথমিক ধারনা নিয়ে নেয়া যায়। কোথায় কি পরিমান টাকা লাগতে পারে, কোথায় কার কাছে যাওয়া লাগবে, প্রয়োজনীয় কি কি লাগবে এগুলো তথ্য জেনে নেওয়া যাবে। এলাকার কেউ ভূমিসংক্রান্ত কাজের সাথে যুক্ত থাকলে তাদের কাছে থেকে পরামর্শ নেওয়া যেতে পারে।
অনেকেই আছে যারা কথায় কথায় এত টাকা লাগবে, ওখানে অত টাকা লাগবে এইরকম বলে তাহলে বুঝতে হবে সেখানে বেশ ঘাপলা আছে। এদের খপ্পরে অনেকেই পড়ে এবং বছরের পর বছর অনেক টাকা পয়সা হারায়।
বর্তমানে অনেক তথ্যই সকলের হাতের মুঠোয়। তাই আগে নিজে খোঁজ খবর নেয়ার চেষ্টা করুন। স্মার্টফোন আর ইন্টারনেটের সুবিধা ব্যবহার করুন। ভূমিসংক্রান্ত কাজের সাথে কেউ যুক্ত থাকলে তাদের কাছে থেকে পরামর্শ নিন। ভূমিসংক্রান্ত বিভিন্ন দপ্তরে সরাসরি নিজে গিয়ে খোঁজ খবর নিন।
----
মিঠুন কুমার
২০/০৪/২০২৫ ইং
09/02/2025
"আমার একটা বিশ্লেষণে দেখিয়েছিলাম যে, রাজশাহীর নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার দক্ষিণ ও পশ্চিম অংশে শুষ্ক মৌসুমের বিভিন্ন ফসলের চাষাবাদ বেশ বৃদ্ধি পেয়েছে ( লাল আয়তকার অংশে)। এই চিত্রে দুটি ম্যাপ দেখতে পাচ্ছেন। গত পরশুদিনের (০৭-০২-২০২৫) স্যাটেলাইট ইমেজ থেকে এই Normalized Difference Vegetation Index (NDVI) ম্যাপ তৈরি করা হয়েছে। ম্যাপের সবুজ অংশগুলো শস্য ও বিভিন্ন গাছপালা নির্দেশ করে। নিয়ামতপুর উপজেলার দক্ষিণের কৃষি এলাকা ( লাল আয়তকার অংশ ) এবং মান্দা ও তানোর উপজেলার সামান্য কিছু অংশ চিত্রের ডান পাশে বর্ধিত করে দেখানো হয়েছে। এই এলাকার বেশকিছু মাঠ সারেজমিনে পরিদর্শন করে এবং স্থানীয় কৃষকদের কাছে থেকে তথ্য নিয়ে নিশ্চিত হওয়া গেছে যে গাঢ় সবুজ রঙের বেশীরভাগ অংশেই আলুর চাষ করা হয়েছে। সার্বিকভাবে বলা যায় নিয়মাতপুর উপজেলায় বিগত বছরের তুলনায় আলুর চাষ বেশ বৃদ্ধি পেয়েছে।
পাশাপাশি তিনটি উপজেলা তানোর, নিয়ামতপুর এবং মান্দায় এবার বিগত বছরের তুলনায় আলুর চাষ বেশ বৃদ্ধি পেয়েছে।"
---
মিঠুন কুমার, সায়েন্টিস্ট/সায়েন্টিফিক অফিসার এবং প্রধান।
অ্যারোনটিক্স এন্ড স্পেস অ্যাপ্লিকেশনস বিভাগ ।