09/04/2026
মানব ইতিহাসের অন্যতম সাহসী মিশন হতে যাচ্ছে Artemis II যেখানে মহাকাশচারীরা চাঁদের কক্ষপথ ঘুরে পৃথিবীতে ফিরবেন। কিন্তু সবচেয়ে ভয়ংকর মুহূর্তটা হবে ফিরে আসার সময়, যাকে বলা হয় রি-এন্ট্রি।
পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার সময় spacecraft-এর গতি থাকে প্রায় ৪০,০০০ কিমি/ঘণ্টা। এই প্রচণ্ড গতিতে বাতাসের সঙ্গে ঘর্ষণে তৈরি হয় ভয়াবহ তাপ যার তাপমাত্রা পৌঁছাতে পারে প্রায় ৩,০০০°C! স্বাভাবিকভাবে ভাবলে, এই তাপে তো সবকিছুই পুড়ে ছাই হয়ে যাওয়ার কথা। কিন্তু বাস্তবতা ভিন্ন।
এই অসম্ভবকে সম্ভব করছে Orion spacecraft-এর অত্যাধুনিক প্রযুক্তি। এর নিচে লাগানো আছে বিশেষ heat shield, যা ablative material দিয়ে তৈরি। অর্থাৎ, এটি নিজে ধীরে ধীরে পুড়ে, গলে, খসে পড়ে আর সেই প্রক্রিয়ায় তাপকে নিজের মধ্যে শোষণ করে নেয়। ফলে ভেতরের অংশ নিরাপদ থাকে।
শুধু তাই নয়, গরম হলে এই শিল্ড থেকে গ্যাস বের হয়ে একটি সুরক্ষামূলক স্তর তৈরি করে, যা আগুনের তাপকে আরও দূরে ঠেলে দেয়। পাশাপাশি spacecraft সরাসরি পৃথিবীতে ঢোকে না বরং বিশেষ কোণে ঢুকে ধীরে ধীরে গতি কমায়, যাতে তাপের প্রভাব কমে যায়। অবিশ্বাস্য হলেও সত্যি যে বাইরে যখন আগুনের মতো তাপ, তখন ভেতরের কেবিন থাকে প্রায় স্বাভাবিক তাপমাত্রায়!