13/12/2024
প্রাপক; মিনহাজুল আবেদ
প্রেরক:
আমায় খোঁজো না তুমি বহুদিন–
কতদিন আমিও তোমাকে খুঁজি নাকো,
এক নক্ষত্রের নিচে তবু–
একই আলো পৃথিবীর পারে
আমরা দুজন আছি ;
পৃথিবীর পুরনো পথের রেখা
হ’য়ে যায় ক্ষয়, প্রেম ধীরে মুছে যায়,
নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। ❞
প্রিয়,
বহুদিন পর, যখন চারপাশের সকল ব্যস্ততা, ক্লান্তি দূর করে, অবসন্ন মন নিয়ে, ধূসর অগ্রহায়ণের গোধূলিবেলায় পরম স্নেহে চোখ বন্ধ করলাম হঠাৎ মনে পড়ল বছর পুরনো কথা। সময়টা বেশ ভালোই যাচ্ছিল। লকডাউন, তুমি এলে মরুনির্ঝর হয়ে, ঊষর হৃদয়মাঝে দিলে প্রশস্তি। কত কথাই বলেছি, কত আলাপন হয়েছে দুজনের। কথা হয়েছে এবং কালক্রমে বিচ্ছেদও হয়েছে। তখন মুহূর্তের জন্যেও মনে হয়নি কিছু। তবে হঠাৎ এতদিন পর উপলব্ধি করলাম হয়তো মনের গভীরে কোণে এক সুপ্ত অনুভূতি বাসা বেঁধেছিল।যা ছিল সহজাত, যা ছিল নির্মল, হয়তো তার বহিঃপ্রকাশ সম্ভব নয়, হয়তো তা অঙ্কুরেই বিনষ্ট। তখন কোন দুঃস্বপ্ন দেখে হয়তো বলতাম,
❝তোমাকে দেখেছি সেই কবে, সেই কবে, কোন বৃহস্পতিবার।
আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না।❞
আর কুঞ্জবনে আমার বিনি সুতোয় গাঁথা পুষ্পমাল্য দেখে অবাক হয়ে নির্লিপ্ত হাসিমাখা মুখে হয়তো তুমিও বলতে,
❝ আমাকে ভালোবাসার পর আর কিছুই
আগের মতো থাকবে না তোমার
ঘাস ভেবে দু'পা ছড়িয়ে বসবে অবাস্তবে
লাল টুকটুকে ফুল ভেবে খোঁপায় গুজবে গুচ্ছ গুচ্ছ ফুল। ❞
আমার ধূসর পাণ্ডুলিপির পুরনো পথের রেখার ক্ষয় হলো। অব্যক্ত, প্রস্ফুটিত না হওয়া মঞ্জুরিগুলোও খসে পড়ল। মহাপৃথিবীর সাতটি তারার তিমির দেখলাম না আজও। নক্ষত্রের রাতের ম্লান আলোয় হতে পারলাম না একজন মায়াবতী।
ভালো থেকো তুমি।