16/07/2026
সিংড়ায় বিষ প্রয়োগে পুকুরের ৪-৫ লাখ টাকার মাছ নিধন
সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়া উপজেলায় রাতের আঁধারে একটি পুকুরে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এতে সংশ্লিষ্ট মাছ চাষির প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগী চাষির নাম রনি মন্ডল। তিনি উপজেলার ডাহিয়া ইউনিয়নের গাড়াবাড়ি গ্রামের নুরুল মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রনি মন্ডল তাঁর ১ একর আয়তনের একটি পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন। প্রতিদিনের মতো রাতেও পুকুরটি স্বাভাবিক অবস্থায় ছিল। কিন্তু রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা শত্রুতা করে পুকুরের পানিতে বিষ প্রয়োগ করে। সকালে পুকুরে মাছগুলো মরে ভেসে উঠতে দেখলে বিষয়টি জানাজানি হয়।
বিষের প্রতিক্রিয়ায় পুকুরের রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির পোনা ও বড় মাছ মরে ভেসে উঠেছে। হঠাৎ এই ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত চাষি রনি মন্ডল। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
#নাটোর_টুডে #সিংড়া #নাটোর #মাছচাষ #অপরাধসংবাদ