02/03/2026
রাসূল(সা:) বলেছেন-
"হারাম কাজসমূহ থেকে বেচেঁ থেকো,তাহলে সবচেয়ে বড় ইবাদতকারী হতে পারবে।"
আলোচ্য বিষয়ের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সমাজে প্রচলিত একটি ভুল ধারণার অপনোদন করেছেন। তা হলো— আমরা অনেক সময় নফল ইবাদতের প্রতি খুবই গুরুত্ব দিয়ে থাকি। যেমন— তাসবিহ, মুনাজাত, নফল রোযা, নফল নামাজ ও নফল সাদকা ইত্যাদিকে খুব গুরুত্ব সহকারে বিবেচনা করি।
কিন্তু গুনাহ ত্যাগ করার তাগিদ আমাদের অন্তরে নেই। মনে রাখবেন, নফল ইবাদত মানুষকে ততক্ষণ পর্যন্ত নাজাত দিতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সে গুনাহ না ছাড়বে।
এখন রমজান মাস। এ মাসে আমরা নফলের প্রতি খুবই গুরুত্ব দিয়ে থাকি। তারাবিহ, যিকির, তাসবিহ ইত্যাদির কথা গুরুত্ব সহকারে বলি। এটা অবশ্যই ভালো।
কিন্তু আমি বলবো— নফল ইবাদতের পাশাপাশি যদি গুনাহ চলতে থাকে, তাহলে তুলনা করলে দেখা যাবে, নফল ইবাদতের কারণে যেসব সওয়াব আমরা পাচ্ছি, গুনাহের কারণে সেগুলো আমলনামা থেকে হারিয়ে যাচ্ছে।
গুনাহের দৃষ্টান্ত এমন যে,
মনে করুন আপনি রুমে ঢুকে এসি ছেড়ে আরাম করে বসলেন। কিন্তু দরজা-জানালাগুলো খুলে রাখলেন। ফলে একদিকে থেকে ঠান্ডা আসছে, অন্যদিকে দিয়ে বের হয়ে যাচ্ছে। ফলে রুম ঠান্ডা হচ্ছে না, এয়ারকন্ডিশন কাজেও আসছে না।
অনুরূপভাবে, আপনি নফল ইবাদতের এয়ারকন্ডিশন চালু করেছেন; কিন্তু গুনাহের দরজা-জানালাগুলো খুলে রেখেছেন। ফলে নফল ইবাদতের উপকারিতা থেকে আপনি বঞ্চিত হচ্ছেন।