04/04/2024
আপনাকে কী আপনার বন্ধুরা ‘তোর বেশি কারেন্ট’ -এ জাতীয় কথা বলে রাগিয়ে করে তোলে? তবে আর দুঃখ পাবেননা, কারণ ইতিমধ্যেই বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এমনই এক ধরনের আল্ট্রা-থিন সেমিকন্ডাক্টর ফাইবার যা আপনার পোশাককে পরিধানযোগ্য স্মার্ট ইলেক্ট্রনিক্সে পরিণত করতে পারে।
‘নেচার’ পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনের মাধ্যমে জানা যায়, সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিকাল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক চুলের ন্যায় সূক্ষ্ম একটি সেমিকন্ডাক্টর ফাইবার আবিষ্কার করেছেন যা কোনো ব্যক্তির পোশাকের তন্তুর সাথে সংযুক্ত করলে সেটি নির্বিঘ্নে সিগন্যাল ট্রান্সমিট করতে পারবে। বিজ্ঞানীরা টুপি, শার্ট, হাতঘড়ির বেল্টে এই সেমিকন্ডাক্টর ফাইবারটি স্থাপন করে সেগুলোকে স্মার্ট ইলেকট্রনিকে রুপান্তর করেছেন। টুপিতে ব্যবহার করা সেমিকন্ডাক্টর ফাইবার রাস্তার ট্রাফিক বাতির আলো সেন্সরের মাধ্যমে শনাক্ত করে মোবাইল ফোনের অ্যাপে অ্যালার্ট সিগন্যাল পাঠিয়ে দেয়। ফলে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা এই প্রযুক্তি ব্যবহার করে নির্বিঘ্নে রাস্তা পারাপার করতে পারবেন। এই প্রযুক্তির অন্যান্য প্রয়োগের মধ্যে একটি হলো ‘স্মার্ট টপ’। সেমিকন্ডাক্টর ফাইবার সংযুক্ত শার্টকে ‘স্মার্ট টপ’ নামে অভিহিত করা হয়েছে। ‘স্মার্ট টপ’ সেন্সরের মাধ্যমে বিভিন্ন তথ্য ধারণ করে ব্যবহারকারীকে একটি শ্রবণযন্ত্রের সাহায্যে জানিয়ে দিতে পারে। এজাতীয় প্রযুক্তি বিভিন্ন জাদুঘর কিংবা আর্ট গ্যালারিতে অডিও গাইড হিসেবে ব্যবহার করা যাবে। এছাড়াও স্মার্ট ওয়াচের বেল্টে ব্যবহারকৃত এই প্রযুক্তি ব্যবহারকারীর হার্ট রেট শনাক্ত করতে সক্ষম বলে বিজ্ঞানীরা জানিয়েছেন।
বিজ্ঞানীরা ডিফেক্ট-ফ্রি এই সেমিকন্ডাক্টর ফাইবার তৈরি করতে সিলিকা গ্লাস টিউবের সাথে সিলিকন কোর এবং অ্যালুমিনোসিলিকেট গ্লাস টিউবের সাথে জার্মেনিয়াম কোর ব্যবহার করেছেন। অন্যান্য সাধারণ সেমিকন্ডাক্টর ফাইবার এই উপাদানগুলো ব্যবহার করেই তৈরি করা হয়। এজাতীয় সেমিকন্ডাক্টর ফাইবার এর পূর্বে তৈরি করা হলেও সেগুলো যথেষ্ট কার্যকরী ছিল না। সাধারণ সেমিকন্ডাক্টর থেকে এই সেমিকন্ডাকটরটি ৩০ গুণ বেশি মজবুত। এই সেমিকন্ডাক্টর ফাইবারটি এতটাই কার্যকরী যে, এটি সংযুক্ত পোশাক ওয়াশিং মেশিনে ১০ বার ধৌত করার পরেও সেমিকন্ডাক্টর ফাইবারের কোনো ত্রুটি পরিলক্ষিত হয়নি। সেমিকন্ডাক্টর ফাইবারটি দৃশ্যমান আলোক বর্ণালী শোষণ করতে পারে এবং ৩৫০ কিলোহার্টজ ব্যান্ডউইথের বেশি সিগন্যাল ট্রান্সমিট করতে পারে। বিজ্ঞানীরা বলছেন, “এই ফেব্রিকেশন মেথড বিভিন্ন কোম্পানিগুলো খুব সহজেই গ্রহণ করছে এবং ভবিষ্যতে এটি নিয়ে একটি বৃহৎ পরিসরে কাজ করার সুযোগ রয়েছে”।
©
Jobaida Rahman Mysha
Team Science Bee