28/08/2014
গারো পাহাড়ের পাদদেশে মহুয়া- মলুয়া, গুনাই বিবির স্মৃতি বিজরিত ব্রহ্মপুত্র নদ বিধৌত সোনালী আঁশের লালন ভূমি ময়মনসিংহ। সংস্কৃতির ঐতিহ্য যার নামের সাথে জড়িত। এ জেলার বিদ্যাপীঠগুলো থেকে শিক্ষা গ্রহণ করেছেন বহু মনীষী, শিক্ষাবিদ এবং চিন্তাবিদ আর গভর্নমেন্ট ল্যাবরেটরী হাই স্কুল ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলোর অন্যতম।ব্রহ্মপুত্র নদের কোল ঘেষে মহারাজা সুর্য্যকান্ত আচার্য্যের বিশাল বাগান বাড়িতে অবস্থিত টিচার্স ট্রেনিং কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরী হাই স্কুল, এইচ.এস.টি.টি.আই, শিশু কানন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা এর আঞ্চলিক কার্যালয় এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ময়মনসিংহ। অত্র বিদ্যালয়টি পরীক্ষণ বিদ্যালয় নামে ১৯৪৮ সালের ১৫ নভেম্বর টিচার্স ট্রেনিং কলেজের সাথে একই সাথে প্রতিষ্ঠিত হয়ে সম্মানিত অধ্যক্ষ কর্তৃক পরিচালিত হয়ে আসছিল। ১৯৮৭ সালের ২৪ ডিসেম্বর বিদ্যালয়টি মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হওয়ার পরেও ১৯/০৫/২০০০ সাল পর্যন্ত কলেজ কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ছিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ সৃষ্টি হওয়ায় ২০/০৫/২০০০ তারিখে প্রথম প্রধান শিক্ষক যোগদান করেন। ১৯৯৯ সাল পর্যন্ত অত্র বিদ্যালয়টি তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেন জনাব লুৎফর রহমান খান। পদ সৃষ্টির পূর্বে পর্যায়ক্রমে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অতিরিক্ত দায়িত্ব পালন করেন জনাব শামছুল হক, জনাব আবু খালেদ পাঠান এবং বাবু শমীন্দ্র নাথ নাগ।