13/07/2026
কখনো কি চিন্তা করেন একজন আদর্শ হিফজ শিক্ষার্থীর লাইফস্টাইল কেমন হয়?
একজন আদর্শ হিফজ শিক্ষার্থীর গুণাবলি কী কী হতে পারে?
আপনার যেহেনে যদি কখনো এমন চিন্তার উদয় হয়, তবে এই লেখাটি আপনার জন্যই। একজন হিফজ শিক্ষক হিসেবে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আজ আমি আপনাকে জানাবো একজন আদর্শ হিফজ শিক্ষার্থী কেমন হয়, তার চিন্তাধারা, হাঁটাচলা, কথাবার্তা, আচার-ব্যবহার এবং জীবন পরিচালনার মানদণ্ড কেমন হওয়া উচিত।
একজন আদর্শ হিফজ শিক্ষার্থীর গুণাবলি:
১. বিশুদ্ধ নিয়ত: তার প্রতিটি কাজের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হবে শুধুমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। লোক দেখানো বা দুনিয়াবী সম্মানের মোহ তার হৃদয়ে থাকবে না।
২. উস্তাদের প্রতি আনুগত্য: সে নিজেকে উস্তাদের জন্য সমর্পণ করে দেয়। উস্তাদের প্রতিটি পরামর্শ ও নির্দেশকে নিজের উন্নতির চাবিকাঠি মনে করে এবং তা অক্ষরে অক্ষরে পালন করে। উস্তাদের প্রতি পূর্ণ বিশ্বাস রাখবে যে উস্তাদ তাকে দিয়ে যা কিছুই করাচ্ছেন সেটা তার উন্নতির জন্যই করাচ্ছেন।
৩. কুরআনের সাথে সখ্যতা: সে কেবল মুখস্থ করার জন্যই পড়ে না, বরং কুরআনের প্রতিটি আয়াতের মর্মার্থ বোঝার চেষ্টা করে। কুরআন তেলাওয়াতকে সে নিজের জীবনের শ্রেষ্ঠ অবসর ও প্রশান্তির মাধ্যম বানিয়ে নেয়।
৪. সময়ের সঠিক ব্যবস্থাপনা: হিফজ শিক্ষার্থী সময়ের ব্যাপারে অত্যন্ত হিসেবী। সে জানে, একটি মুহূর্ত নষ্ট হওয়া মানে কুরআনের একটি অংশ থেকে পিছিয়ে পড়া। তাই প্রতিটি মুহূর্ত সে রুটিন মেনে পবিত্র কালামের নূর দ্বারা আলোকিত রাখে।
৫. কুরআনী চরিত্র: কুরআনের ধারক হওয়ার প্রথম শর্ত হলো কুরআনী চরিত্র। সে হবে নম্র, ভদ্র ও ধৈর্যশীল। মিথ্যা, গালিগালাজ বা অনর্থক কথা থেকে নিজেকে সবসময় দূরে রাখে। তার আচরণে সদা মার্জিত ভাব ফুটে ওঠে।
৬. দৃঢ় সংকল্প ও মুরাজাআত: হিফজ ধরে রাখার জন্য মুরাজাআত (ঝালাই) অপরিহার্য। সে নিজের সবক বা আমোখতার ব্যাপারে কখনোই অলসতা করে না। কুরআনের একটি হরফও যেন স্মৃতি থেকে মুছে না যায়, সেই দৃঢ় সংকল্প নিয়ে সে অবিচল থাকে।
৭. অব্যাহত দোয়া ও রোনাজারি: হিফজ কেবল বুদ্ধির খেলা নয়, এটি আল্লাহর বিশেষ রহমত। সে সবসময় আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করে যেন আল্লাহ তার স্মৃতিশক্তিকে কুরআনের জন্য কবুল করে নেন। সে বিশ্বাস রাখবে যে, নিজের চেষ্টার পাশাপাশি আল্লাহর রহমত ছাড়া কুরআন হিফজ করা অসম্ভব। প্রতিটি নামাজের পর সে নিজের হিফজের উন্নতির জন্য এবং নিজের ওস্তাদের কল্যাণের জন্য আল্লাহর দরবারে হাত তুলবে।
৮. পরিচ্ছন্নতা ও পবিত্রতা: বাহ্যিক ও অভ্যন্তরীণ পবিত্রতা বজায় রাখা তার অভ্যাস। সে সবসময় ওজু অবস্থায় থাকার চেষ্টা করে এবং পরিপাটি পোশাক পরিধান করে, যা তার আভিজাত্য ও রুচিশীলতার পরিচয় দেয়।
৯. উদ্যমী মানসিকতা: অলসতাকে সে নিজের প্রধান শত্রু মনে করে। যখনই মনে অলসতা ভর করে, সে স্মরণ করে তার এই মেহনতের বিনিময়ে পরকালে তার বাবা-মায়ের মাথায় যে নূরের তাজ পরানো হবে—সেই অনুপ্রেরণাই তাকে উদ্দীপ্ত রাখে।
১০. পরিমিত জীবনযাপন: সে পরিমিত আহার ও সুশৃঙ্খল নিদ্রায় বিশ্বাসী। অতিরিক্ত ভোজন বা বিলাসিতা নয়, বরং শরীর ও মন সতেজ রেখে পড়াশোনায় মনোযোগ দেওয়াই তার লক্ষ্য।
১১. পারস্পরিক সহযোগিতা: সহপাঠীদের প্রতি তার হিংসা বা প্রতিযোগিতার মনোভাব নেই। বরং কেউ পিছিয়ে থাকলে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং একে অপরকে সবক শোনানোর মাধ্যমে সুন্দর একটি শেখার পরিবেশ গড়ে তোলে।
১২. নিভৃতচারিতা: অহেতুক আড্ডা বা সামাজিক ভিড় এড়িয়ে সে নির্জনে সময় কাটাতে পছন্দ করে। সে বুঝতে পারে, একাগ্রচিত্তে কুরআন পাঠের স্বাদ নির্জনতায়ই বেশি পাওয়া যায়।
১৩. ধৈর্য ও সবর: হিফজের পথে ক্লান্তি বা বাধা আসলেও সে ধৈর্য হারায় না। সে বিশ্বাস করে, প্রতিটি কষ্ট আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা এবং এর বিনিময়ে জান্নাতের সুউচ্চ মাকাম অপেক্ষা করছে।
১৪. গুনাহমুক্ত জীবন: পবিত্র কুরআন বহন করতে হলে নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখা জরুরি। তাই সে চোখ, কান ও জিহ্বাকে গুনাহের কাজ থেকে পবিত্র রাখার সর্বাত্মক চেষ্টা করে, যাতে হৃদয়ে মরিচা না পড়ে।
১৫. শুকরিয়া আদায়ের অভ্যাস: হিফজের তৌফিক পাওয়া অনেক বড় নিয়ামত। সে প্রতি মুহূর্তেই আল্লাহর শোকর আদায় করে এবং এই নেয়ামতের অমর্যাদা হয় এমন সব কাজ থেকে দূরে থাকে।
১৬. অহংকারহীনতা ও বিনয়: হিফজের কারণে তার মনে যেন অহংকার জন্ম না নেয়, সেদিকে তার কড়া নজর থাকে। সে জানে, কুরআন আল্লাহর দান। তাই সে সবসময় বিনয়ী থাকে এবং তার কণ্ঠে ও আচরণে সব সময় রাসূল (সা.)-এর সুন্নাহর প্রতিফলন ঘঠে।
এই গুণাবলিগুলো একজন হিফজ শিক্ষার্থীকে কেবল হাফেজই করে তুলবে না, বরং তাকে একজন আদর্শ মানুষ ও সমাজের শ্রেষ্ঠ সম্পদে পরিণত করবে।
—হাফিজ কারী সাব্বির আহমদ
শিক্ষক- মাদ্রাসা-ই-নাজিরেরচক কুলাউড়া মৌলভীবাজার