24/06/2026
গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই কমিটি গঠন
গাইবান্ধা জেলা থেকে আগত ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতি’ এর সাবেক শিক্ষার্থীদের নিয়ে ২০২৬–২৭ কার্যবর্ষের অ্যালামনাই কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের ২০০৫-০৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুজাউদ্দৌলা সাঈদী প্রধান এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন মার্কেটিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নূরে সাগির।
গত ০১ জুন ২০২৬ গাইবান্ধার ‘ঘাঘট পাড়’ রেস্টুরেন্টে সংগঠনটির দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠানে সদস্যদের পরামর্শক্রমে এই কমিটি গঠন করা হয়। পুনর্মিলনীতে গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি হাফেজ ইদ্রিস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য আব্দুল করিম। এছাড়াও সাবেক বর্তমান মিলে অর্ধ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
১৯ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন- শারিফুল সজীব, লিয়াকত হোসেন মিথেন, রাশেদুন্নবী রাশেদ, রাশেদুল ইসলাম, রুহুল আমিন, তৌফিক আহমেদ, ইমরান মন্ডল, জিওন সরকার, মিলাদুজ্জামান মেরিন, রুহুল আমিন, আশিকুর রহমান, আনতারা আঞ্জুম দীপ্তি, হাফেজ ইদ্রিস আলী, খাদেমুল ইসলাম ফরহাদ, গোলাম হক্কানী, শাহনাজ সাথী ও ফারজানা ইয়াসমিন নিসা।
সংগঠনটির সদস্য সচিব নূরে সাগির বলেন, “গাইবান্ধায় ইবিয়ানদের জন্য একটি সহায়ক প্ল্যাটফর্ম তৈরি করা আমাদের লক্ষ্য। আমরা ক্যারিয়ার গাইডলাইন, নেটওয়ার্কিং এবং বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সংগঠনকে আরও কার্যকর করে তুলতে চাই। এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি।”
আহ্বায়ক সুজাউদ্দৌলা সাঈদী প্রধান বলেন, “আমরা একটি শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে তুলতে চাই, যেখানে সিনিয়র-জুনিয়রদের মধ্যে কার্যকর সংযোগ তৈরি হবে এবং শিক্ষার্থীদের কল্যাণে বাস্তবভিত্তিক উদ্যোগ নেওয়া সম্ভব হবে।”
নবগঠিত এই অ্যালামনাই কমিটির মাধ্যমে সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, সংগঠনকে আরও গতিশীল করা এবং বর্তমান শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।